বিস্ফোরক মামলায় মুজাহিদ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলাসংক্রান্ত বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে এ মামলায় অধিকতর তদন্তের সময়সীমা আরও ২০ দিন বাড়িয়েছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ ট্রাইব্যুনাল।আজ রোববার ট্রাইব্যুনালে সিআইডি অধিকতর তদন্তের সময়সীমা আরও ৩০ দিন বাড়ানোর আবেদন করলে বিচারক মো. জহুরুল হক আগামী ৫ জুন অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেন। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক মুজাহিদকে এ মামলায় জিজ্ঞাসাবাদের অনুমতির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জানান, গ্রেনেড হামলায় ব্যবহূত গ্রেনেড সরবরাহ ও মদদদাতাদের শনাক্ত করার জন্য অধিকতর তদন্তের সময় প্রায় ৪০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং একজন বিদেশি নাগরিকসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জিজ্ঞাসাবাদকালে আল মারকাজুলের মাওলানা আবদুর রশীদ আদালতে জবানবন্দি দেন। ওই জবানবন্দিতে মুজাহিদের নাম বেরিয়ে আসে। ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউর সমাবেশে আওয়ামী লীগের নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নেতা-কর্মীদের হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হয়। এতে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণীসহ ২২ জন নিহত হন।পরে এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করা হয়। ২০০৮ সালের ১১ জুন এ সংক্রান্ত দুটি মামলায় মুফতি হান্নান, বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম ও তাঁর ভাই মাওলানা তাজউদ্দিনসহ ২২ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় সিআইডি। এঁদের মধ্যে তাজউদ্দিনসহ আটজন পলাতক রয়েছেন। কিন্তু ওই অভিযোগপত্রে হামলায় ব্যবহূত আর্জেস গ্রেনেডের উত্স, সরবরাহকারী ও ঘটনাস্থল থেকে উদ্ধার করা আর্জেস গ্রেনেড ধ্বংসের বিষয়টি তদন্তে আসেনি। এই কারণ উল্লেখ করে ২০০৯ সালের ২৫ জুন রাষ্ট্রপক্ষ অধিকতর তদন্তের আবেদন করে। এ পরিপ্রেক্ষিতে আদালত ওই বছরের ৩ আগস্ট অধিকতর তদন্তের নির্দেশ দেন।