বিস্ফোরকদ্রব্য মামলার প্রতিবেদন দেওয়ার সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় চতুর্থ দফায় বাড়িয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন আগামী ৩ আগস্ট প্রতিবেদন পেশ করতে বলেন। আজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আদালতে এ প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। সিআইডির পক্ষে মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালতে আরও চার মাস সময় বাড়ানোর আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুই মাস সময় বাড়ান।রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩ আগস্ট হত্যা এবং অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা মামলা দুটির অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত।প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় আইভি রহমানসহ দলের ২২ জন নেতা-কর্মী নিহত এবং শেখ হাসিনাসহ কয়েক শ নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় মতিঝিল থানায় দুটি মামলা করা হয়। এর একটি হত্যা এবং অন্যটি অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে।এ ঘটনার প্রায় চার বছর পর সিআইডি ২০০৮ সালের ১১ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা দুটির অভিযোগপত্র একসঙ্গে দাখিল করে। এ সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হুজির নেতা মুফতি হান্নান, বিএনপির নেতা আবদুস সালাম পিন্টু ও তাঁর ভাই মাওলানা তাজউদ্দিনসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।