বিস্ফোরণে আহত এসআই মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ বন্দর থানার কোয়ার্টারে রহস্যময় বিস্ফোরণে দগ্ধ উপপরিদর্শক (এসআই) শাহজাহান মিয়া (৫৪) তিন দিন পর গত রোববার রাত সাড়ে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।মৃত্যুর আগে স্বজনদের কাছে দেওয়া বক্তব্যে এসআই শাহজাহান এ ঘটনার জন্য বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বেপারিকে দায়ী করে গেছেন।নিহতদের স্বজনদের অভিযোগ, ওসির সঙ্গে দ্বন্দ্বের জের ধরে শাহজাহানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা না করা এবং জবানবন্দি গ্রহণ করায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্বজনেরা।বন্দর থানার ওসি নূর মোহাম্মদ বেপারি এই অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, এসআই শাহজাহানের সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল না।গত বৃহস্পতিবার রাতে বন্দর থানার চত্বরে এসআই কোয়ার্টারের সামনে বিস্ফোরণে শাহজাহানের সারা শরীর ঝলসে যায়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। ঘটনার তিন দিন পরও ওই বিস্ফোরণের কারণ পুলিশ নিশ্চিত করতে পারেনি।অবশ্য নারায়ণগঞ্জের পুলিশ সুপার শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে বোমা বা অন্য কোনো আলামত পাওয়া যায়নি। বিস্ফোরণের কারণ নির্ণয় করতে ঘটনার পরপর সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন। সিআইডির প্রতিবেদন পেতে সময় লাগবে। তিনি জানান, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজকালের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। এ ছাড়া নিহত শাহজাহানের পরিবারের অভিযোগটি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।মৃত্যুর আগে এসআই শাহজাহানের বক্তব্য ভিডিওতে ধারণ করে রাখেন তাঁর স্বজনেরা। তাতে দেখা যায়, শাহজাহান বলেছেন, ‘ওসি সাহেবের সঙ্গে ঝামেলা। মালখানা থেকে কিছু মাল যাবে কোর্টে। সেই মাল বাবুর্চিকে দিয়ে মাইপা বাইরে রাখছে। সেই মাল নিয়ে ঝামেলা।’নিহত শাহজাহানের বড় ভাই পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, গত রোববার বেলা তিনটার দিকে ঢাকা হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শাহজাহান কিছু কথা বলেন। এ সময় তাঁর ছেলে মোর্শেদ জাহান ও তাঁদের এক চাচাতো ভাই মেহেদী হাসান উপস্থিত ছিলেন।ফরিদ বলেন, এ সময় শাহজাহান বলেছেন যে গত বৃহস্পতিবার হরতালের দায়িত্ব পালন শেষে থানার পাশে কোয়ার্টারে আসেন। পোশাক বদলে, হাতমুখ ধুয়ে রাত সাড়ে ১০টার দিকে তিনি রাতের খাবারের জন্য নিজ কক্ষ থেকে বের হন। এ সময় বারান্দায় অপরিচিত দুই ব্যক্তিকে দেখেন। এদের একজনের মুখে গামছা প্যাঁচানো ছিল। এ সময় শাহজাহান আগন্তুকদের পরিচয় জানতে চাইলে উত্তর আসে ‘আমরাই’। তখন তিনি আবারও জিজ্ঞেস করেন, ‘আমরা কারা?’ কথোপকথনের মধ্যেই ওই দুজন কিছু একটা ছুড়ে মারলে বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং শাহজাহানের শরীরে আগুন ধরে যায়।ফরিদ বলেন, শাহজাহান থানার সেই মালখানার দায়িত্বে ছিলেন। পুলিশের উদ্ধার করা বিভিন্ন জিনিসপত্র, মাদক এই মালখানায় রক্ষিত থাকত। কয়েক দিন ধরে থানার মালখানার কিছু জিনিস থানার ওসি ও ‘সেকেন্ড অফিসার’ বিক্রি করতে চাইলে তাতে বাধা দেন শাহজাহান। এ নিয়ে বিরোধ বাধে।ফরিদের অভিযোগ, এই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে শাহজাহানকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, গত বৃহস্পতিবার থেকে শাহজাহান হাসপাতালে, কিন্তু ওসি ও ‘সেকেন্ড অফিসার’ স্বজনদের কোনো খোঁজ নেননি। এমনকি মৃত্যুসংবাদ পেয়েও ওসি আসেননি, জানাজায়ও অংশ নেননি।ওসি নূর মোহাম্মদ বেপারি দাবি করেন, হাসপাতালে দেখতে না গেলেও তিনি আহত শাহজাহানের সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন।নিহত শাহজাহান এক ছেলে ও দুই মেয়ের জনক। পরিবার থাকত রাজধানীর মিরপুর-১০ নম্বরে। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে। গতকাল তাঁর মৃতদেহ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।