বিস্ফোরণে এসআই দগ্ধ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গতকাল বৃহস্পতিবার রাতে বিস্ফোরণের ঘটনায় পুলিশের একজন উপপরিদর্শকের (এসআই) শরীর ঝলসে গেছে। তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, বিষয়টি নাশকতা বলে মনে হচ্ছে না। এর পরও ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। বিস্ফোরণের শব্দে আতঙ্ক সৃষ্টি হয়। তবে কীভাবে বিস্ফোরণ ঘটেছে, এ ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ। খবর পেয়ে জেলার পুলিশ সুপার শেখ নাজমুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশরাফুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জেলা পুলিশ সুপার প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাত ১১টার দিকে বন্দর থানার এসআই শাহজাহান মিয়া (৫৪) থানার পেছনে বাসার বারান্দার সিঁড়ির সামনে ধূমপান করছিলেন। এ সময় হঠাত্ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। থানার পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলায়। পুলিশ সুপার নাজমুল আলম আরও জানান, ‘ঘটনার আলামত দেখে বোমা বলে মনে হচ্ছে না। কারণ, বোমার বিস্ফোরণ বা পেট্রল বোমা হলে সেখানে আলামত থাকবে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তির শরীর থেকে রক্ত বের হবে।’