বিস্ফোরণের ঘটনা তদন্তের দাবি বিএনপির
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে গতকাল মঙ্গলবার রাতে বিস্ফোরণের ঘটনা তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। এর পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি ও অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার প্রাণনাশের উদ্দেশ্যেই কার্যালয়ের সামনে দুষ্কৃতকারীরা বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে সরকারের প্রতি অনুরোধ জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, গতকাল ওই বিস্ফোরণের আগে আওয়ামী নেতা মির্জা আযমের গাড়ি দুবার গেছে। এ ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা থাকতে পারে বলে বিএনপি সন্দেহ করছে। "বিডিআর বিদ্রোহের বিচার প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিচারকাজ দেরিতে শুরু হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রথম দিকে বিডিআরের ঘটনার সঙ্গে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী জড়িত থাকার কথা শোনা গিয়েছিল। কিন্তু অভিযোগপত্রে বিএনপির নেতা-কর্মীদের নাম জড়ানো হয়েছে। তিনি বিডিআর বিদ্রোহের বিচারের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।