বিহারিরা বাবাকে মেরে ফেলে
এখন আমার বয়স ৭০-এর কাছাকাছি। ১৯৭১ সালে আমি টগবগে যুবক। এমন গৌরবের যৌবনকাল পৃথিবীর কয়জন পায়? নিজের যৌবন আমি উৎসর্গ করতে পেরেছি দেশের জন্য। ৩৯ বছর পর একাত্তরের স্মৃতিচারণা করতে এসে কেবলই মনে হচ্ছে, আমাদের পুরো শৈশব, কৈশোর আর যৌবন কেটেছে বিপ্লব-বিদ্রোহ আর সংগ্রামে। নিজের যৌবন আর মুক্তিযুদ্ধের কথা যখনই ভাবি, তখন আমার ভেতর একটা অহংকার কাজ করে। জীবনে কী পেয়েছি, কী পাইনি, তার হিসাব আমি খুব কম করেছি। ২৬ মার্চের আগেই তাই রাইফেল ক্লাবে, আন্দরকিল্লা বন্দুকের দোকানগুলো, নালাপাড়া আনসার অফিস, মাদারবাড়ী হাবিব ব্যাংকের গোডাউন ভেঙে অস্ত্র দখলের ঘটনা আমরা ঘটিয়েছি। ২৪ মার্চের সোয়াত জাহাজ অবরোধের ঘটনা আমাদের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আরেকটা বিরাট প্রেরণা ছিল। অবশেষে ২৬ মার্চ এল সেই কাঙ্ক্ষিত ঘোষণা মহান স্বাধীনতার। এর সঙ্গে সঙ্গে পাকিস্তানিরা যেভাবে হত্যাযজ্ঞ চালাতে লাগল এবং ধরপাকড় শুরু করল, তাতে কেউ আর নিরাপদ ছিলাম না। এরই মধ্যে আমাদের পরিচিত বেশ কয়েকজনকে ধরেও নিয়ে গেছে। মনে মনে সিদ্ধান্ত নিলাম, সরে যাব। কদিন এদিক-ওদিক ঘুরে ১০ এপ্রিল চট্টগ্রাম ছাড়লাম। নৌকায় টানা তিন দিন ভ্রমণের পর লক্ষ্মীপুরে পৌঁছালাম। লক্ষ্মীপুরে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন নাগের দলে যুক্ত হই। তিনি এলাকার যুবক ছাত্রদের নিয়ে একটি দল গঠন করেন। আমার বাড়ির কাছেই ছিল রাজাকারদের আস্তানা। তারা আমাকে সন্দেহের চোখে দেখতে লাগল।জুন মাসের শেষের দিকে চন্দ্রগঞ্জ বাজারে রাজাকারদের হাতে ধরা পড়ি। নিজেকে নিরপরাধ প্রমাণের জন্য নানা মিথ্যা কথা বলি। পরে এলাকার বিভিন্ন মানুষের সাক্ষ্য নিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয়। এ যাত্রা বেঁচে গিয়ে আমার মধ্যে জিদ চেপে গেল। আরও নিবিড়ভাবে মুক্তিযুদ্ধে জড়িত হওয়ার শপথ নিলাম মনে মনে। ভারতে গিয়ে ট্রেনিং নেওয়ার সিদ্ধান্ত নিলাম।জুন মাসেই পৌঁছেছিলাম আগরতলার ছক্তাখোলায়। ওখান থেকে সাবরুম ট্রেনিং ক্যাম্পে। সেখানে ট্রেনিং শেষ করে আগস্ট মাসে ফিরে এলাম ফের লক্ষ্মীপুরে। ঢাকা ইউনিভার্সিটির ইকবাল হলের (পরবর্তী সময়ে সার্জেন্ট জহুরুল হক) তৎকালীন জিএস আ স ম শফিউল্লাহ ছিলেন আমাদের কমান্ডার (লক্ষ্মীপুর থানা ইউনিট)। এ দলে আমার ছোট ভাই সামসুর রহমান আগে থেকেই যুক্ত হয়েছে। আমরা এখান থেকে বহু অপারেশনে অংশ নিয়েছি। তবে তোতারখীল অপারেশন, ৪ ডিসেম্বরের বাঘবাড়ী অপারেশন, দালালবাজার অপারেশনের কথা বেশি করে মনে পড়ে।যুদ্ধ শেষে চট্টগ্রাম শহরে এসে দেখি, দুই ছেলেকে মুক্তিযুদ্ধে পাঠানোর অপরাধে আমার বাবাকে বিহারিরা নির্যাতন করে মেরে ফেলেছে। বাবা মোহাম্মদ উল্লাহ ছিলেন রেলওয়ের টিটিই। রেলওয়ে কলোনিতে আমরা থাকতাম। স্বাধীনতার পর বাবার করুণ মৃত্যুর কথা মায়ের কাছেই শুনেছি। ১২ ডিসেম্বর বাবা পাহাড়তলীতে ডিভিশনালস ট্রাফিক অফিসারের কার্যালয়ে গিয়েছিলেন। সেখানেই বাবাকে ঘিরে ফেলে বিহারিরা। দুই ছেলেকে মুক্তিযুদ্ধে পাঠানোর অপরাধে তাঁর ওপর চলল নির্মম নির্যাতন। সে নির্যাতন তাঁর সহ্য হয়নি। যুদ্ধে যাওয়ার অপরাধে বাবাকে হারালাম। এখন আমি জীবনের শেষ প্রান্তে। তিন বছর আগে স্ট্রোক করে এখন পঙ্গু। চিকিৎসা করাতে পারিনি অর্থের অভাবে। এখনো থাকি সেই শৈশবের রেলওয়ে কলোনিতে। অনুলিখন: ওমর কায়সার, চট্টগ্রাম