বিহারে পদদলিত হয়ে ২২ জনের মৃত্যু
ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনার গঙ্গাতীরে ‘ছটপূজা’ উদযাপনের সময় পদদলিত হয়ে ১৭ জন শিশুসহ ২২ জন মারা গেছে। আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে পুণ্যার্থীরা গঙ্গার আদালত ঘাটে সূর্যদেবতার পূজা দিতে যাওয়ার সময় বাঁশের সেতুটি ভেঙে যায়। এতে তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এ সময় তারা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করলে পদদলিত হয়ে ১৭ জন শিশুসহ ২২ জনের মৃত্যু হয়। আহত পুণ্যার্থীদের পাটনা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাটনার পুলিশ সুপার (শহর) জয়ন্ত কান্ত দুর্ঘটনার কথা স্বীকার করে জানিয়েছেন, আহত ব্যক্তিদের মধ্যে বেশ কজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জন্য প্রয়োজনীয় চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।দুর্ঘটনার পর ঘটনাস্থলে যান বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে মাথাপিছু দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ইউপিএ জোটের প্রধান ও কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী।রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালু প্রসাদ যাদব এই দুর্ঘটনার জন্য প্রশাসনকে দায়ী করে অবিলম্বে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পদত্যাগ দাবি করেছেন।বিহার রাজ্যে প্রতিবছর সূর্যাস্তকালীন সূর্যদেবের ছটপূজা জাঁকজমকভাবে উদযাপিত হয়। এবারও পাটনার বিভিন্ন ঘাটে ছটপূজা উপলক্ষে জড়ো হয়েছিল প্রায় চার লাখ পুণ্যার্থী।