বিহারে মাইন বিস্ফোরণে ৮ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিহারের মাওবাদী অধ্যুষিত আওরঙ্গবাদ জেলার পাচোখার গ্রামে মাওবাদীদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আটজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।আজ রোববার সকালে এ মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।জানা গেছে, গতকাল শনিবার বিহারের শেষ দফা বিধানসভা নির্বাচনের আগে মাওবাদীরা পাচোখার গ্রামে রাস্তার পাশে একটি ভূমি মাইন পুঁতে রেখেছিল। নিরাপত্তাকর্মীদের নজরে এলেও তাঁরা মাইনটি ওখান থেকে না সরিয়ে আজ বোম্ব স্কোয়াড সদস্যদের মাধ্যমে নিস্ক্রিয় করার জন্য জমির মধ্যেই রেখে যান। পরে আজ সকালে স্থানীয় লোকজন ওই জমিতে এলে মাইনটির বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচ শিশুসহ আটজন নিহত ও ১১ জন আহত হন। আওরঙ্গাবাদ জেলার পুলিশ সুপার বিবেকরাজ সিং ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।এ দিকে এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। তিনি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেবে বিহার রাজ্য সরকার। এ ছাড়াও মুখ্যমন্ত্রী ঘটনা তদন্তের নির্দেশও দিয়েছেন বলে জানা গেছে।