বিড়ম্বনা!
ঝিলটুলি এলাকার চিকিৎসক জহুরুল হকের মেসটি প্রায় ৩০ বছরের পুরোনো। এই মেসে ৩২ জন শিক্ষার্থী অবস্থান করছে। গত ৩০ মার্চ রাতে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে মেসটির টিনের তিনটি শেডের মধ্যে একটি ভস্মীভূত হয়ে যায়। ওই শেডে আটজন নিবাসী থাকত। প্রথম অবস্থায় বৈদুত্যিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূচনা হয়েছিল বলে সবাই ধারণা করেছিল। আগুনে মামুন নামের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর বইপত্র ও নোট পুড়ে যায়। তাই ১ এপ্রিল থেকে শুরু হওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে তাকে দুর্ভোগে পড়তে হয়। এর দুই দিন পর সন্ধ্যার দিকে মেসের আরেকটি ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। নিবাসীরা তত্ক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। পরে জানা গেছে, পেট্রল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে। এরপর ওই মেসের সব নিবাসী আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং রাতারাতি মেস ছেড়ে চলে যায়। এ ব্যাপারে মেসমালিক ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।ঝিলটুলি এলাকার নিজ বাড়িতে মেয়েদের মেস পরিচালনা করেন আ ত ম আমীর আলী। তিনি জানান, সমপ্রতি তাঁর মেসে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। রাত তিনটার দিকে বাইরে থেকে কে বা কারা মেসের জানালার ফাঁক দিয়ে একটি সাপ ঢুকিয়ে দেয়। এ নিয়ে মেয়েদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর দুই দিন পর গভীর রাতে মেসের ভেন্টিলেটর দিয়ে পানি ছিটানো হয়েছে। এসব কারণে মেসের মেয়েদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।