বিয়নের কাছে ছোট হলো বাংলাদেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ন ফ্রন। জার্মানির হামবুর্গ শহর থেকে বাংলাদেশে এসেছেন সপ্তাহ তিনেক আগে। পেশায় সাইকেল মেকানিক হলেও নেশা তাঁর সাইকেলে বিশ্ব ভ্রমণ করা। এ পর্যন্ত ১৬টি দেশ সাইকেলে ভ্রমণ করেছেন তিনি। সেই সুবাদেই নয় মাস আগে বাংলাদেশের উদ্দেশে তাঁর জার্মানি ত্যাগ। কিন্তু বেনাপোল বন্দর হয়ে বাংলাদেশে ঢুকে বিয়নের শখে ঘটল ছন্দপতন। খুলনা থেকে ঢাকা আসার পথে বিয়নের ব্যাংকের এটিএম কার্ড ও প্রায় ২০ হাজার বাংলাদেশি টাকা চুরি করে নিয়ে যায় বন্ধুবেশী কয়েকজন বাংলাদেশি। এখন কী করে দেশে ফিরে যাবেন, সেই চিন্তায় যেন সময় কাটে না বিয়নের।‘আমি যখন বেনাপোল হয়ে বাংলাদেশে আসি তখন বেশ কয়েকজন বাংলাদেশি আমাকে সাহায্য করেছে। তাঁরা আমার সঙ্গে ঘুরেছে। আমার হোটেলে গিয়েছে। মাঝেমধ্যে আমার ব্যাগও তাঁদের সঙ্গে ছিল। কিন্তু তাঁরা যখন আমাকে ঢাকা আসার উদ্দেশে বিদায় দিল, তার কিছুক্ষণ পর দেখি আমার সঙ্গে থাকা ২০ হাজার বাংলাদেশি টাকা ও ব্যাংকের এটিএম কার্ডটি নেই। তখন বেশ চিন্তায় পড়ে গেলাম আমি। কারণ এখন আর আমার কিছুই করার নেই। বন্ধুবেশে মানুষ এমন করতে পারে, এটা আমার ভাবনায় ছিল না’—কথাগুলো বলছিলেন ৩০ বছর বয়সী ফ্রন।এর পরই এটিএম কার্ড চুরি যাওয়ার ঘটনাটি জার্মানিতে ব্যাংকে ফোন করে জানিয়েছেন তিনি। তবে সব টাকা ও এটিএম খোয়া যাওয়ায় আর যেন কিছু ভাবতে পারছিলেন না। কারণ, সব টাকাই যে তাঁর নিজের উপার্জনের। বাংলাদেশে ঢোকার আগে ভারতের কেরালায় একটি ইংরেজি ক্লাবে কয়েক দিন ক্লাস নিয়ে বেশ কিছু টাকা পেয়েছিলেন তিনি। এভাবেই যে দেশে যান না কেন, সেই দেশেই কাজ করে টাকা উপার্জন করে ভ্রমণ করেন বিয়ন।বিয়ন জানালেন, ‘বিষয়টি অনেকেই পুলিশকে জানাতে বলেছিল। অনেকে আবার বাংলাদেশি পুলিশ সম্পর্কে ধারণাও দিয়েছিল আগে। পুলিশি ঘটনা সব সময় ঝামেলার হয়। তাই আর বেশি ঝামেলা বাড়াতে চাইনি।’বাংলাদেশ ভ্রমণের শুরুতেই এ ধরনের তিক্ত অভিজ্ঞতা হলেও বাংলাদেশ সম্পর্কে মোটেও বাজে ধারণা নেই বিয়নের। সবকিছু হারিয়েও খুব বেশি আক্ষেপ নেই তাঁর। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আসলেই খুব বন্ধুত্বপরায়ণ। বেশ উদারও। তবে সব খানেই ভালো মানুষের মাঝে কিছু খারাপ মানুষও থাকে, তারা থাকে সব সময়।’সব শেষে উপায়ান্তর না দেখে খুলনারই পরিচিত এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন তিনি। ঢাকায় একজনের কাছে বিয়নকে কয়েক দিন থাকার ব্যবস্থা করে দেন তিনি। বিয়ন এখন সেখানেই আছেন। তবে তিনি জানেন না, ঠিক কী করে নিজ দেশে বাবা-মা ও ভাইয়ের কাছে পৌঁছবেন তিনি।