বিয়ানীবাজারে আজও হয়নি ফায়ার স্টেশন
‘বছরে বছরে আগুনে জ্বলিয়া আমরার কোটি কোটি টেখা নষ্ট অয়, ইতা দেখার কেউ নাই। আমরা কিতা ওলান জ্বলিয়া মরতামনি?’ গত ২৪ জানুয়ারি বিয়ানীবাজার পৌর শহরের মধ্যবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাবিবুর রহমান আহাজারী করতে করতে বললেন কথাগুলো। প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে একটি ভূষিমালের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় সব মসজিদ থেকে মাইকে অগ্নিকাণ্ডের খবর প্রচার করলে লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। দেড় ঘণ্টা পর পার্শ্ববর্তী বড়লেখা ও সিলেট থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসে। কিন্তু ততক্ষণে সব শেষ। পুড়ে ছাই হয়ে গেছে ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান। ব্যবসায়ীরা জানান, বিয়ানীবাজারে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় এখানে প্রতিটি অগ্নিকাণ্ডের সময় ক্ষয়ক্ষতি বেশি হয়। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর ব্যবস্থা থাকলে ক্ষতি হতো চার ভাগের এক ভাগ।প্রতি বছর বিয়ানীবাজারে সংঘটিত হয় ছোটবড় অসংখ্য অগ্নিকাণ্ড। এতে কোটি কোটি টাকা ক্ষতির পাশাপাশি ঘটে হতাহতের ঘটনা। এখানে এত বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যে অগ্নিকাণ্ডের শহর নামে পরিচিতি লাভ করেছে বিয়ানীবাজার পৌর শহর।পত্রিকায় প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে, ২০০৯ সালে বিয়ানীবাজারের দাসউরা, ঘুঙ্গাদিয়া, শেওলা, ছোটদেশ, কলেজ রোডের একটি পেট্রলপাম্প, নিদনপুর, দুবাগবাজার ও দক্ষিণ বাজারে মোট আটটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগের বছর বৈরাগীবাজার, দক্ষিণ বাজার, ছোটদেশ, মুফছছিল মার্কেট, আছিরগঞ্জ ও অকা খাজনায় মোট সাতটি অগ্নিকাণ্ড ঘটে। এতে কয়েক কোটি টাকার ক্ষতিসহ অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু এবং একাধিক ব্যক্তি আহত হয়, তবে এতগুলো অগ্নিকাণ্ডের মধ্যে ২০০৮ সালের ২৭ জানুয়ারি পৌর শহরের মুফছছিল মার্কেটের ১৫টি দোকান পুড়ে প্রায় এক কোটি ত্রিশ লাখ, ২ ডিসেম্বর দক্ষিণ বিয়ানীবাজারের তিনটি দোকান পুড়ে প্রায় ২৫ লাখ টাকা এবং চলতি বছরের ২৪ জানুয়ারি মধ্যবাজারের ৩৫টি দোকান পুড়ে প্রায় নয় কোটি টাকার ক্ষয়ক্ষতির তথ্য ছাড়া আর কোনো অগ্নিকাণ্ডের তথ্য নেই উপজেলা প্রশাসন কিংবা পৌরসভায়। বড়লেখা ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, ২০০৮ ও ২০০৯ সালে বিয়ানীবাজারে মোট ১৫টি অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে বড়লেখা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই সব পুড়ে যায়। তা ছাড়া দিঘি বা পুকুর না থাকায় স্থানীয়ভাবেও পানির অভাবে দ্রুত আগুন নেভানো সম্ভব হয় না বলে জানান বড়লেখা ফায়ার সাভিস স্টেশনের কর্মকর্তা আজিজুল হক।অনেক আগেই ফায়ার সার্ভিস স্টেশনের জন্য জমি অধিগ্রহণ করেও স্টেশন স্থাপন না করায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হোসেন আহমদ বলেন, ‘ধার-কর্য করিয়া ব্যবসা চাঙা করছিলাম। কিন্তু আগুনে আমারে সর্বশান্ত করি লাইছে।’২০০৮ সালে মুফছছিল মার্কেটে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলফাজ উদ্দিন ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘আগুন লাগলে হখল দেখাত আইন আফনারা ও পেপার পত্রিকাত লেখইন। বুঝা যায়, মাসর ভেতরে ফায়ার সার্ভিস স্টেশন চালু অইব। এর বাদে আর খবর নাই। খবর অয় আবার আগুন লাগলে।’স্থানীয় ব্যবসায়ীরা শহরে একটি ফায়ার সার্ভিস স্টেশন করার বিষয়ে স্থানীয় সাংসদ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সুদৃষ্টি কামনা করেন। জানা গেছে, ২০০১ সালে তত্কালীন সাংসদ নুরুল ইসলামের প্রচেষ্টায় স্থানীয় নয়াবাজারে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য আড়াই একর জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু ভূমিসংক্রান্ত জটিলতায় প্রায় ১০ বছরেও তা বাস্তবায়ন হয়নি। ফলে উপেক্ষিত থেকে যায় ফায়ার সার্ভিস স্টেশনের দাবি। এদিকে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রতি বছর উপজেলার বিভিন্ন স্থানে ছোটবড় বিভিন্ন অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে, হতাহত হচ্ছে অসংখ্য মানুষ। প্রবাসীবহুল এই উপজেলায় দুটি গ্যাস ফিল্ড, তিনটি পেট্রলপাম্প, দুটি সিএনজি ফিলিং স্টেশনসহ ২৫টি ছোটবড় জ্বালানি তেল বিক্রয় কেন্দ্র, ৩০টি ব্যাংকের শাখা, ২৫টি মার্কেটসহ অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। ফায়ার স্টেশন না থাকায় যেকোনো সময় বড় রকমের অগ্নিকাণ্ডের ভয়ে থাকেন স্থানীয় বাসিন্দাসহ ব্যবসায়ীরা।পৌর প্রশাসক তফজ্জুল হোসেন বলেন, ফায়ার সার্ভিস স্টেশনের জন্য জমি দেওয়া হলো, হাইকোর্টের মামলাও শেষ হলো, তার পরও কিছু হচ্ছে না। স্টেশনটি স্থাপনে দেরি হওয়া প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম অজিজুল ইসলাম বলেন, ‘আমরা কগজপত্র প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশাকরি কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে।’এদিকে গত ১২ ফেব্রুয়ারি বিয়ানীবাজারে সফরে এসে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম অগিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সমবেদনা জানিয়ে বলেন, ‘২০০১ সালে অনেক চেষ্টা করে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের ব্যবস্থা করেছিলাম। কিন্তু জমি অধিগ্রহণের পরও দুঃখজনকভাবে ভূমিসংক্রান্ত মামলায় তা নির্মাণ করা সম্ভব হয়নি। পরবর্তী সরকারের সময় আর কোনো চেষ্টা না থাকায় উদ্যোগটির অগ্রগতি হয়নি। এখন আবার উদ্যোগ নিয়েছি, আশা করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিগগিরই অনুমোদন দেবে।