বিয়ানীবাজারে চাষে অনীহা চাষিদের!
মাঠে মাঠে সবুজের সমারোহ। বাতাসে দোল খায় আলু, মুলা, বাদাম, ফুলকপি, বাঁধাকপিসহ নানা জাতের সিম ও শাকসবজি। হলুদ সর্ষেফুলে সজ্জিত মাঠের পর মাঠ। বছরদশেক আগেও এমন চিত্র দেখা যেত উপজেলার প্রতিটি গ্রামের মাঠে। ফসলের হাসি দোল খেতে খেতে এসে লাগত কৃষাণ-কৃষাণির ঠোঁটে। কিন্তু এমন দৃশ্য এখন বিরল। বিয়ানীবাজারে মাঠ আছে, মানুষ আছে, কিন্তু নেই শীতে খেতজুড়ে ফসলের হাসি। এখন উপজেলার মাইলের পর মাইল শূন্য পড়ে থাকে। অনুসন্ধানে দেখা গেছে, এলাকাবাসী মূলত বিদেশমুখী হয়ে পড়ায় মুখ ফিরিয়ে নিয়েছে কৃষিকাজ থেকে। ডলার, ইউরোর হাতছানিতে পাড়ি জমায় বিদেশে।রজব গ্রামের তরুণ চাষি চুনু মিয়া আক্ষেপ করে বলেন, ‘বিদেশ থেকে স্বজনের পাঠানো লাখ লাখ টাকায় আরাম-আয়েশে দিন চলে যায়। তাই মাঠের শূন্য জমির দিকে খেয়াল নেই কারও। খেয়াল শুধু ব্যাংকের দিকে। ব্যাংক থেকে টাকা তোলা এবং অন্যান্য অঞ্চল থেকে আসা বাসি শাকসবজি দ্বিগুণ দামে কিনে খাওয়াতেই মশগুল সবাই।’ এলাকাবাসী জানায়, একসময় স্থানীয় শাকসবজিতে ভরা থাকত উপজেলার প্রতিটি বাজার। তরতাজা, নির্ভেজাল ও টাটকা থাকত এসব শাকসবজি। কিন্তু এখন শাকসবজির নামে বাজারে যা আছে সবই ভেজাল এবং ফরমালিন দেওয়া। এসব খাদ্যের স্বাদ এবং পুষ্টিমানও ভালো নয়। উপজেলা সদরে কাঁচাবাজার করতে আসা বড়দেশ গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল মালিক ফারুক বলেন, ‘বিয়ানীবাজারে মাছ-মাংসের চেয়ে তরিতরকারির দাম বেশি। বিদেশি টাকা আসায় মাইলের পর মাইল জমি অনাবাদি রেখে সবাই হাত-পা গুটিয়ে বসে থাকায় বাজারের এ দশা।’ তবে কৃষকদের মুখে অন্য কথা। তারা জানালেন, শীতকালীন চাষাবাদের জন্য প্রয়োজন সেচসুবিধা। আগে উপজেলার সব খাল ছিল পানিপূর্ণ, তাই সেচের সমস্যা হয়নি। এখন কোনো খাল দিয়ে পানি প্রবাহিত হয় না। ফলে সেচসুবিধা না থাকায় কৃষিকাজ ব্যাহত হওয়ায় আস্তে আস্তে কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলেছেন কৃষকেরা।দাসউরা গ্রামের কৃষক আবদুর রহিম বলেন, ‘এ সময় মাঠ খালি থাকার কথা নয়। আগে খাল ও নালায় পানি আছিল। কষ্ট অইলেও ক্ষেত করিয়া লাভ অইত। এখন টেকা খরচ করিয়াও লাভ অয় না।’সরেজমিনে দেখা গেছে, উপজেলার অধিকাংশ জমিই শূন্য পড়ে আছে। তবে এর মধ্যেও কিছুসংখ্যক কৃষক বিশাল মাঠের কোথাও কোথাও চাষাবাদ করছেন। এমনি একজন কৃষক অশুকুর রহমান বলেন, ‘ফসল ফলালে লাভ হয় না তা ঠিক না। আসলে বিদেশি টাকা মানুষকে অলস করে ফেলছে।’বিয়ানীবাজারে কৃষকদের কৃষিবিমুখতার কারণ সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র বলেন, ‘প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় এখানকার মানুষ অতিমাত্রায় বিদেশমুখী। তাদের চাষাবাদে আগ্রহ কম। আবার উপজেলার সব খাল ভরাট হয়ে যাওয়ায় পর্যাপ্ত সেচসুবিধা না থাকাও চাষিদের বিমুখ হওয়ার অন্যতম কারণ। খাল খনন হলে চাষাবাদ বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, ‘শীতকালীন সবজি চাষে কৃষকদের অগ্রহী করতে প্রশিক্ষণ, উন্নত বীজ ও সার সরবরাহ করাসহ কৃষকদের মধ্যে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করছি। এই কার্ডের মাধ্যমে কৃষকেরা সরকার কর্তৃক বরাদ্দ করা কৃষি উপকরণ পাবেন।’