বিয়ানীবাজারে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ছয়
সিলেটের বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌরশহরে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ শনিবার বিকেলে বিয়ানীবাজার পৌরশহরের উত্তরবাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।জানা যায়, আজ বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম পল্লব সমর্থিত কর্মীরা আহ্বায়ক জামাল হোসেন সমর্থিত কর্মী তানভীরকে মারধর করেন। এ ঘটনায় প্রতিশোধ নিতে জামালের পক্ষের কর্মীরা বিকেল তিনটার দিকে পৌরশহরের দক্ষিণবাজারে পল্লবের পক্ষের ছাত্রলীগের কর্মী মোহাম্মদ রাজুসহ দুজনকে মারধর করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আহ্বায়কপক্ষের কর্মীদের মারধর করার সময় ছবি তোলার কারণে বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌরশহরের উত্তরবাজারে ছাত্রলীগের কর্মীরা ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি আবদুল খালিককে লাঞ্ছিত করে ক্যামেরা ছিনিয়ে নেন। এ সময় ছাত্রলীগের কর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে মসজিদ মার্কেটের ব্যবসায়ী ফয়জুল হক শিমুল (২৬) আহত হন। তাঁকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রলীগের কর্মীরা চলে যান। এর এক ঘণ্টা পর আহ্বায়কপক্ষের কর্মীরা যুগ্ম আহ্বায়কপক্ষের কর্মীদের দক্ষিণবাজারের জনতা মার্কেটের সামনে হামলা চালায়। এ সময় কয়েকটি গুলি বর্ষণের ঘটনাও ঘটে। গুলিতে উপজেলা যুবলীগের নেতা মইজুল ইসলামসহ দুজন পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে।পুলিশের উপপরিদর্শক (এসআই) শাব্বির হোসেন বলেন, পৌরশহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রলীগের পাঁচজনকে আটক করা হয়েছে। আটক অভিযান এখনো অব্যাহত রয়েছে।বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক শিবলী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোথাও গুলি বর্ষণ হয়েছে এ কথা শোনেননি বলে জানিয়েছেন তিনি।