বিয়ানীবাজারে জামায়াত-পুলিশের সংঘর্ষে আহত ৩০, আটক ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের আজির মার্কেট এলাকায় আজ মঙ্গলবার জামায়াতের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আটটি ফাঁকা গুলি ও ১৩টি টিয়ার সেল নিক্ষেপ করে। এ ঘটনায় জামায়াত শিবিরের ১২ জন কর্মীকে আটক করেছে পুলিশ। জামায়াতের মিছিলে বাধা দেওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীসহ আটক নেতাদের পুলিশ হেফাজতে নির্যাতন করা হচ্ছে—এই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত শিবির। মিছিলটি শহরের আজির মার্কেট এলাকায় এলে পুলিশ মিছিলে বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা জামায়াতের নেতা-কর্মীরা মিছিল করলে পুলিশ তাঁদের ধাওয়া করেন। এ সময় জামায়াতের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটার পাশাপাশি শটগানের ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে জামায়াতের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে জামায়াত শিবিরের ১২ জন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। আহতদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ও সহকারী পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) শাদিদ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।