বিয়ানীবাজারে বৃষ্টি হলেই হাঁটুপানি!
একটু বৃষ্টি হলেই বিয়ানীবাজার পৌরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। তলিয়ে যায় খাসা, শ্রীধরা, কসবা, নয়াগ্রাম, সুপাতলা, দাসগ্রাম ও খাসাড়ীপাড়া এলাকার নিচু সড়ক। ডুবে যায় সিলেট বারইগ্রাম আঞ্চলিক মহাসড়কের খাসাবাবুর বাজার থেকে বিয়ানীবাজার থানার নিচ পর্যন্ত সড়ক ও কলেজ রোড বাইপাস সড়কটি। পানি জমে থাকে চালগলি ও মাছ-তরকারির বাজারও। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং পৌর শহরের অধিকাংশ ছড়া ও খাল বন্ধ হয়ে পড়ায় বৃষ্টির পানিতে সৃষ্টি হয় জলাবদ্ধতার। কসবা খাসা গ্রামের বাসিন্দা এবাদ আহমদ বলেন, জলাবদ্ধতার সমস্যা আজকের নয়। প্রতিবছর একটু একটু করে কাজ হলেও আজ এ ভোগান্তি থাকত না। প্রতিবছর বাজেটে জলাবদ্ধতা নিরসনে বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখা হলেও কাজের কাজ কিছুই হয় না। শহীদটিলার মোটর মেকানিক লিটন বলেন, ‘গত রমজান মাসে প্রায় রাতেই বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় শহীদটিলায় আটকা পড়ত অনেক গাড়ি ও মানুষ।’ সরেজমিনে দেখা যায়, হাঁটুপানি জমা রয়েছে শহীদটিলা ও খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আর এর মধ্যেই ব্যস্ত এই সড়ক দিয়ে চলছে ছোট-বড় যানবাহন। পৌর শহরের শহীদটিলা এলাকার বাসিন্দা কবির আহমদ বলেন, ‘প্রত্যেক বছর পৌরসভার বাজেটে ড্রেনেজ খাতে লাখ লাখ টাকা রাখা হয়। আমাদের প্রশ্ন, এই টাকা যায় কোথায়?’ কসবা গ্রামের ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ‘ভেবেছিলাম, পৌরসভা হলে আমাদের দুর্দশা লাঘব হবে; কিন্তু এই কী তার নমুনা? এর চেয়ে ইউনিয়ন পরিষদই ভালো ছিল।’ দেখা গেছে, পৌরসভার ভেতরের বেশির ভাগ ড্রেনই ভরাট হয়ে আছে। শহরের ভেতরে উত্তর বাজার থেকে দক্ষিণ বাজার পর্যন্ত কোনো ড্রেন নেই। আর শহীদটিলা থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত রাস্তার দুই পাশে কোনো ড্রেন নেই। এর মধ্যে আবার বাসস্ট্যান্ড করার জন্য ড্রেন না রেখেই জলাশয় ভরাট করেছে পৌরসভা। ২০০৮ সালে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে পল্লী বিদ্যুৎ থেকে শহীদটিলা পর্যন্ত রাস্তা অনেকটা উঁচু করা হয়েছিল; কিন্তু তাতেও কাজ হয়নি বরং এ বছর জলাবদ্ধতা বেড়েছে। পৌর প্রকৌশলী মো. আলী আকবর বলেন, ‘বিয়ানীবাজার পৌরসভার বেশির ভাগ এলাকাই টিলাভূমি হওয়ায় মাটি ভাঙনের প্রকোপ বেশি এবং মাটিতে বালুর পরিমাণ বেশি থাকায় বৃষ্টি হলেই ড্রেনে মাটি গলে পড়ে। এ ছাড়া কেউ কেউ ড্রেনে ময়লা-আবর্জনা ফেলায় এগুলো রুদ্ধ হয়ে পড়ে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সড়কের গার্ডওয়াল ও পর্যাপ্ত ড্রেন নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার প্রয়োজন। পয়োনিষ্কাশন ও পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে সহায়তার জন্য সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আবেদন করা হয়েছে। তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে পৌরবাসীর সচেতনতা প্রয়োজন। অপরিকল্পিতভাবে বাসা ও মার্কেট তৈরির ফলে ড্রেনেজ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। প্রত্যেকে যদি নিজ বাড়ির পানি নিষ্কাশনের পথ রাখত তা হলে সবগুলো ছোট ড্রেনের সংযুক্তি ঘটিয়ে বড় ড্রেনের মাধ্যমে সহজেই নদী বা খালে পানি প্রবাহিত করা যেত।