বিয়ানীবাজারের চাষিরা আনারস চাষ ছেড়ে দিচ্ছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যে দেশে জন্মে অতি মিষ্টি আনারস, সিন্ধু সখা সুধা সম মিষ্টি যার রস।’সিলেটের বিয়ানীবাজারের জলডুবি আনারসের রসে মজে এভাবেই তাঁর কবিতায় গুণকীর্তন করেছিলেন কবি প্যারি চরণ দাশ। কিন্তু হ্যানিকুইন প্রজাতির এই মিষ্টি জলডুবি আনারস হারিয়ে যাচ্ছে। ২০০১ সালে আনারস উন্নয়নের লক্ষ্যে সরকার গৃহীত আট বছর মেয়াদি একটি প্রকল্পের ফলে ধারণা করা হয়েছিল, বিয়ানীবাজারের আনারসের সুখ্যাতি আবারও ফিরে আসবে। কিন্তু কৃষকদের অভিযোগ, আনারস উন্নয়নের কোনো চেষ্টাই করেনি ওই প্রকল্প, তাই আনারস চাষের অগ্রগতি হয়নি। চাষিদের কথা: জলঢুপ কমলাবাড়ীর আনারস চাষি আবদুল লতিফ ভুইয়া বলেন, ‘২০০১ সালে বড় শখ করে প্রকল্প থেকে ১০ হাজার চারা নিয়ে লাগিয়েছিলাম এক একর ৫০ শতক জমিতে কিন্তু এত বছর পরিচর্যা করে কোনো লাভ হয়নি। তাই এখন আনারস চাষ ছেড়ে দিয়েছি।’পাড়িয়াবহরের প্রবীণ চাষি হাজি আবদুুল ওয়াহিদ বলেন, ‘আনারসের চাষ করে এখন কোনো লাভ নেই। ফলন ভালা না। যে বছর ভালা অয়, হিমাগার না থাকায় লাভ করা যায় না, চাষ বাদ দেওয়া লাগব।’ কালাইউরা গ্রামের ফরিদ আহমদ, পড়িয়াবহরের সাইদুল ইসলাম, পাটুলির নুরুল ইসলাম সবার কথায় হতাশা আর আক্ষেপ, ‘হায়, কেন যে প্রকল্পের চারা নিয়ে বাগান করলাম।’ কৃষি কর্মকর্তার ভাষ্য: উপজেলা কৃষি কর্মকর্তা বিমলচন্দ্র সোম বলেন, ‘আনারস উন্নয়ন প্রকল্পটি এখন নেই, তবে আমরা সাধ্যমতো সহযোগিতা ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি।’ বিয়ানীবাজারে মোট ২৩টি বাগানের ১২ দশমিক ১ হেক্টর জমিতে আনারস চাষ হয় বলে জানিয়ে কৃষি কর্মকর্তা বলেন, জলডুবি আনারস সহ সব জাতের আনারসের মানোন্নয়নের জন্য কৃষকদের যে দাবি, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং আনারস ও কমলা ব্যবসায় প্রাইভেট সেক্টরকে উদ্বুদ্ধ করা হবে। শুধু কমলা ও আনারস নয়, অন্যান্য ফল, সবজি সংরক্ষণের জন্য হিমাগারের প্রয়োজনীয়তা রয়েছে। তবে হিমাগার স্থাপনে প্রবাসী ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।