বিয়ানীবাজারের বাসুদেব মন্দির ঐতিহ্য হারাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী ভাতিজা ও ভাতিজিকে এক হাজার ৪০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী বাসুদেব মন্দির দেখাতে নিয়ে এসেছিলেন বিয়ানীবাজার কবিতা আবৃত্তি পরিষদের সভাপতি দেওয়ান মাকসুদুল ইসলাম। মন্দিরের অবস্থা দেখে হতাশ হয়ে বললেন ‘ওরা প্রবাসে থাকে তাই ভাবলাম মাতৃভূমির ঐতিহ্যবাহী স্থানগুলোর সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিই। কিন্তু একি অবস্থা! দেখানোর মতো পুরোনো কিছুই নেই, পুরোনো মন্দিরগুলো দেখতে না পেরে ওরা আমাকে মিথ্যুক ভাবছে। এখন ওদের নিয়ে যাচ্ছি দিঘির পারে পাল জমিদারবাড়ি ও বারো পালের দিঘি দেখাতে।’ বিয়ানীবাজারের বাসুদেব মন্দির উপমহাদেশের প্রাচীন স্থাপত্যগুলোর মধ্যে অন্যতম। খ্রিষ্টীয় ষষ্ঠ শতকে নির্মিত হিন্দুদের এই তীর্থস্থান এ অঞ্চলের প্রাচীন ঐতিহ্যের স্বাক্ষর বহন করে আসছিল প্রায় এক হাজার ৪০০ বছর ধরে। সম্প্র্রতি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় বাসুদেব অঙ্গনের সবকটি মন্দির ও ফটক ভেঙে ফেলে তার স্থলে তৈরি করা হচ্ছে নতুন মন্দির। এতে ঐতিহ্য হারাচ্ছে প্রায় এক হাজার ৪০০ বছরের প্রাচীন এই দেবালয়। জানা যায়, প্রায় এক হাজার ৪০০ বছর আগে খ্রিষ্টীয় ষষ্ঠ শতকে কামরুপের অধিপতি তাম্রফলকের মাধ্যমে পূজা-অর্চনার জন্য এই দেবালয়কে ভূমি দান করেছিলেন। তখনই প্রতিষ্ঠিত হয় বাসুদেব মন্দির, যা সেই থেকে এখনো পর্যন্ত প্রাচীন ঐতিহ্যের স্বাক্ষর বহন করে আসছে। শুধু ধর্মীয় কারণে নয়, এই মন্দিরের পর্যটন গুরুত্বও অপরিসীম। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণ পিপাসুরা আসেন প্রাচীন এই মন্দির দর্শনে। আসেন প্রবাসী ও বিদেশি পর্যটকেরাও। কিন্তু হঠাৎ করে প্রাচীন এই দেবালয় ভেঙে নতুন মন্দির নির্মাণের ফলে মন্দিরটি ঐতিহাসিক ও পর্যটন গুরুত্ব হারিয়েছে বলে মনে করেন শেকড়সন্ধানীরা। বাসুদেব মন্দিরের প্রাচীন এই মন্দিরগুলো ভেঙে নতুন করে নির্মাণের সমালোচনা করেন ইতিহাস গবেষক খালেদ জাফরি। তিনি বলেন, ‘আমরা জানি, বাসুদেব মন্দিরের অনেক জমি আছে। এত জমি থাকতে পুরোনো মন্দিরগুলো ভাঙতে হলো কেন? প্রাচীন এই মন্দির ভাঙার কারণ সম্পর্কে বাসুদেব মন্দিরের সাধারণ সম্পাদক মহেশ রঞ্জন ঘোষ বলেন, ‘পুরোনো এই মন্দিরগুলো ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল। তা ছাড়া মন্দিরের অনেক জমি ভূমিদস্যুদের দখলে, ওসমানী স্টেডিয়ামের পাশে ৮৪ শতকের একটি টিলাসহ মন্দিরের চারপাশের অনেক জমি নিয়ে মামলা চলছে দখলদারদের সঙ্গে। দক্ষিণ পাশে সীমানাপ্রাচীরের কাজ পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে এ কারণে। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও ঐতিহ্যবাহী বাসুদেব মন্দির সংরক্ষণ করতে পারিনি।