বিয়ে করছেন টিম্বারলেক-বিয়েল!
বাগদানের ঘোষণা দেওয়ার পর এবার বিয়ের পিঁড়িতে বসার কথা ভাবছেন হলিউডের তারকা জুটি জাস্টিন টিম্বারলেক ও জেসিকা বিয়েল। সম্প্রতি নিউইয়র্কের সোহো হাউস হোটেলে এ বিয়ের ঘটকের সঙ্গে মধ্যাহ্নভোজের পাশাপাশি বিয়ে নিয়ে আলোচনাও করেছেন তাঁরা। মূলত এর পর থেকেই তাঁদের বিয়ের খবরে সরগরম হয়ে উঠেছে মিডিয়া।‘জেসিকা বিয়েল শিগগিরই বিয়ের পিঁড়িতে বসার আগ্রহের কথা জানিয়েছেন জাস্টিন টিম্বারলেককে। সূর্যাস্তের সময় খোলা কোনো জায়গায় বিয়ে করতে চান বলেই জানিয়েছেন তিনি’, ঘনিষ্ঠ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে লাইফ অ্যান্ড স্টাইল ম্যাগাজিন।উল্লেখ্য, ২০০৭ সালের শুরুর দিকে সম্পর্কে জড়িয়েছিলেন টিম্বারলেক-বিয়েল। চুটিয়ে অভিসারের পর গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের জ্যাকসন মাউন্টেইনের এক পর্যটনকেন্দ্রে অবস্থানের সময় বিয়েলকে আনুষ্ঠানিকভাবে প্রেমের প্রস্তাব দেন টিম্বারলেক। পরবর্তী সময় বাগদানের ঘোষণাও দিয়েছেন তাঁরা।