বিয়ে করছেন রানী মুখার্জি!
কিছুদিন আগে মুম্বাই বিমানবন্দরে ক্যামেরা বন্দী হয়েছিলেন রানী মুখার্জি-আদিত্য চোপড়া। সম্প্রতি লন্ডনে আদিত্য চোপড়ার সঙ্গে রানীর জন্মদিন উদযাপনের খবর পৌঁছানোর পাশাপাশি ঘনিষ্ঠ কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে মুম্বাই মিরর জানিয়েছে, এ বছরই বিয়ের পরিকল্পনা আঁটছেন বলিউডের বহুল আলোচিত এই তারকা-নির্মাতা জুটি।রানী-আদিত্যর বিয়ের খবর নিয়ে এখন পর্যন্ত জল কম ঘোলা হয়নি। শুরু থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরি খেলেছেন তাঁরা। তবে ইদানীং একটু সাহসী অবস্থানই নিয়েছেন এই জুটি। এত দিন একসঙ্গে জনসমক্ষে খুব বেশি না এলেও, এখন তাঁরা ঘন ঘনই এমনটা করছেন।এসব কারণে দুয়ে-দুয়ে চার মিলিয়ে অনেকেই মন্তব্য করেছেন, সম্ভবত বিয়ের দিনক্ষণ এগিয়ে আসছে তাঁদের। রানী-আদিত্য এ বছরই বিয়ের পিঁড়িতে বসবেন বলে দাবি করেছে একাধিক সূত্র। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে মুম্বাই মিরর জানিয়েছে, ‘চলতি বছরের ২১ মার্চ ৩৪ বছরে পা দিলেন রানী। সেদিন আদিত্যকে সঙ্গে নিয়েই জন্মদিন উদযাপন করেছেন তিনি। খুব বেশি ঘটা না করে একটি রেস্টুরেন্টে খাওয়ার মধ্য দিয়েই জন্মদিন পালন করেছেন তাঁরা। সে সময় তাঁদের সঙ্গে ছিলেন যশরাজ ও শাহরুখ খান।’এদিকে আরেকটি সূত্র জানিয়েছে, ‘যশরাজ ফিল্মসের নতুন ছবির শুটিং চলছে লন্ডনে। সেই ছবির সেটেও হাজির হয়েছিলেন রানী। বরাবরই আদিত্য ও রানী তাঁদের প্রেমের বিষয়টি অস্বীকার করে এসেছেন। তবে সম্পর্ক নিয়ে আর লুকোচুরি খেলবেন না বলেই ঠিক করেছেন তাঁরা। কারণ, এ বছরই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত পাকাপাকি করে ফেলেছেন এ জুটি।’