বিয়ে করছেন লাক্স তারকা তাহসিন
লাক্স তারকা তাহসিনকে বিয়ে করতে যাচ্ছেন নির্মাতা ওয়াহিদ আনাম। এর মধ্যেই তাঁদের বিয়ের সবকিছু পারিবারিকভাবে চূড়ান্ত করা হয়েছে। বিয়ের প্রস্তুতি নিয়ে তাহসিন ও ওয়াহিদ ব্যস্ত সময় পার করছেন। আজ শুক্রবার দুপুরে ওয়াহিদ আনামের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলো ডট কমকে তিনি বিয়ের ব্যাপারটি নিশ্চিত করেন।ওয়াহিদ আনাম বলেন, ‘তাহসিনের সঙ্গে আমার প্রথম পরিচয় “ভার্সিটি” নামের একটি ধারাবাহিকে কাজ করার সময়। এরপর মাঝেমধ্যে মুঠোফোনে যোগাযোগ হতো। মাস চারেক আগে কুয়াকাটায় “কিনারা” নামের একটি টেলিছবির কাজ করার সময় আমার পরিবারের সবার সঙ্গে তাহসিনের আলাপ-আলোচনা হয়। তারা তাহসিনকে ছেলের বউ হিসেবে পছন্দ করেন। এরপর দুই পরিবার থেকে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অর্থে প্রেম বলতে তাহসিনের সঙ্গে তেমন কিছুই ছিল না।’ওয়াহিদ আনাম যোগ করলেন, ‘আমার পছন্দের সঙ্গে মা ও খালার পছন্দ যোগ হওয়াতে দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিই। এ এক অন্য রকম অনুভূতি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’বরিশালের ছেলে ওয়াহিদ আনাম নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে ‘ফিল্ম ডিরেকশন’ নিয়ে পড়াশোনা শেষ করেছেন। বিয়ের সম্ভাব্য তারিখ সম্পর্কে ওয়াহিদ আনাম বলেন, ‘মে মাসের দ্বিতীয় সপ্তাহে বিয়ের দিনক্ষণ ঠিক করা হচ্ছে। আগামী দু-এক দিনের মধ্যে সেটা চূড়ান্ত করা হবে।’