বিয়ে করতে চাওয়ায় প্রেমিকাকে বিষ খাইয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মালিপাড়া গ্রামে গতকাল বুধবার রাতে ঝরনা খাতুন (১৮) নামের এক যুবতীকে জোর করে বিষ খাইয়ে হত্যা করা হয়। প্রেমিক মিজানকে বিয়ে করার গোঁ ধরায় মিজান ও তাঁর স্বজনেরা ঝরনাকে মারধর করেন এবং জোর করে বিষ খাইয়ে দেন।বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের মিজানুর রহমানের সঙ্গে ঝরনা খাতুনের অনেক দিনের প্রেমের সম্পর্ক। সম্প্রতি ঝরনার পরিবার মিজানের ওপর ঝরনাকে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করলে মিজানের পরিবার তাতে অসম্মতি জানায়। অবশেষে গতকাল বুধবার ঝরনা মিজানের বাড়িতে গিয়ে বিয়ের জন্য পীড়াপীড়ি করলে মিজান ও তাঁর স্বজনেরা ক্ষিপ্ত হয়ে তাঁকে একটি ঘরে আটকে রেখে মারধর করেন এবং জোর করে বিষ খাইয়ে দিয়ে তাঁর বাড়িতে পাঠিয়ে দেন।মুমূর্ষু অবস্থায় ঝরনাকে প্রথমে স্থানীয় পাটোয়ারী হাসপাতালে ও পরে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত আটটার দিকে তিনি মারা যান।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঝরনার ভাই আইয়ুব আলী বাদী হয়ে মিজানসহ চারজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিরা ঘটনার পরপরই পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।