বিয়ে করতে বয়স প্রমাণে সনদ বাধ্যতামূলক
বাল্যবিবাহ ও নিকাহ নিবন্ধনকারীদের হয়রানি রোধে বর-কনের বয়সের প্রমাণ হিসেবে জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত সনদ কিংবা অভিভাবকের হলফনামা দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা সংশোধন করে এ নিয়ম করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় আজ রোববার এ সংশোধনী-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। ২০০৯ সালের ১০ আগস্ট প্রণীত বিধিমালায় বেশ কিছু অসংগতি ধরা পড়ার পরিপ্রেক্ষিতে এ সংশোধনী আনা হয় বলে জানা গেছে।আইনমন্ত্রী শফিক আহমেদ আজ রাতে প্রথম আলোকে বলেন, বাল্যবিবাহ রোধে সংশোধিত বিধিমালার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কাল সোমবার থেকে এটি কার্যকর হবে। এতে করে সমাজে বাল্যবিবাহ-সংক্রান্ত অনেক সমস্যার সমাধান হবে।সংশোধিত বিধিমালা অনুযায়ী, নিকাহ নিবন্ধনকারী (রেজিস্ট্রার) বর ও কনের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার সনদপত্র পরীক্ষা করে বিয়ের জন্য আইনগত বয়স নিশ্চিত না হয়ে বিয়ে নিবন্ধন করতে পারবেন না। এসব কাগজপত্র না থাকলে বর-কনের বয়স নিশ্চিত হতে বাবা-মা কিংবা আইনগত অভিভাবকের হলফনামার মাধ্যমে বয়স নির্ধারণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই না করে নিকাহ নিবন্ধনের ঘটনা প্রমাণিত হলে নিকাহ নিবন্ধনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে বিয়ে নিবন্ধনের সময় বর-কনে বা অন্য কেউ মিথ্যা তথ্য দিলে এবং এ তথ্যের ভিত্তিতে কোনো বিয়ে নিবন্ধন করা হলে এ জন্য নিকাহ নিবন্ধনকারী দায়ী থাকবেন না।সংশোধিত বিধিমালা অনুযায়ী, নিকাহ নিবন্ধনকারী চার লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা কিংবা অংশবিশেষের জন্য হাজারে সাড়ে ১২ টাকা হারে নিবন্ধন ফি আদায় করতে পারবেন। দেনমোহরের পরিমাণ চার লাখ টাকার বেশি হলে পরবর্তী প্রতি এক লাখ টাকা কিংবা এর অংশবিশেষের জন্য ১০০ টাকা নিবন্ধন ফি আদায় করতে পারবেন। তবে দেনমোহরের অঙ্ক যাই হোক না কেন, কোনো নিবন্ধন ফি-ই ২০০ টাকার কম হবে না। সংশোধিত বিধিমালায় তালাক নিবন্ধনের জন্য ৫০০ টাকা, নিকাহ নিবন্ধনের নকলের জন্য ৫০ টাকা, যাতায়াত বাবদ প্রতি কিলোমিটার ১০ টাকা হারে নিকাহ নিবন্ধনকারী নিতে পারবেন।