বিয়ে করবে স্বামী, টাকা জোগাড় করতে হবে স্ত্রীকে!
সংসারে স্ত্রী বর্তমান, মেয়ে আছে চারজন। মেয়েদের মধ্যে বড় দুজন তরুণী। কিন্তু মেয়েদের নিয়ে সুখী নন তিনি। ছেলে চাই তাঁর। এ জন্য আরেকটি বিয়ে করবেন বলে ঠিক করেছেন। বিয়ের জন্য দরকার ৫০ হাজার টাকা। এ টাকা জোগাড়ের দায়িত্ব তিনি চাপিয়ে দিয়েছেন প্রথম স্ত্রীর ওপর। বিয়ের টাকা জোগাড় করতে না পারলে বাড়ি ছাড়তে হবে তাঁকে। একপর্যায়ে দুই শিশুকন্যা নিয়ে সত্যিই তিনি বাড়ি ছাড়তে বাধ্য হন।ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার গ্রামে। গ্রামবাসী জানায়, প্রায় ২০ বছর আগে ওই গ্রামের আবু সালাম সরদারের সঙ্গে একই উপজেলার মাছুয়াখালী গ্রামের ফাহিমা খাতুনের বিয়ে হয়। চারটি কন্যাসন্তান হওয়ায় ফাহিমার ওপর খুব নাখোশ সালাম। ছেলেসন্তানের আশায় তিনি আরেকটি বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিয়ের টাকা জোগাড়ে স্ত্রীর ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকেন তিনি।ফাহিমা বলেন, ‘কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা আমার ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে আসছিলেন। আমার মেয়েদের ওপরও স্বামী নির্যাতন চালান। তিনি এখন বিয়ে করতে চান। বিয়ের খরচ বাবদ ৫০ হাজার টাকা এনে দিতে বলেন। এ জন্য ২৮ মে মারধর করে আমাকে বাড়ি থেকে তিনি তাড়িয়ে দিয়েছেন। টাকা দিতে না পারলে বাড়িতে আমার ঠাঁই হবে না। স্বামী আমার সন্তানদের খাবার দেন না। দিনমজুরের কাজ করে খাবার জোগাড় করি। আমার বাবা ও ভাইয়েরা গরিব, দিনমজুর। এই টাকা দেওয়ার সামর্থ্য নেই তাঁদের। এখন আমি কীভাবে এই টাকা জোগাড় করব? মেয়েদের নিয়ে কোথায় দাঁড়াব?’ফাহিমার মেজ মেয়ের অভিযোগ, ‘বাবা ও চাচা আমার মাকে প্রায়ই মারধর করেন। প্রতিবাদ করলে আমাদের মারধর করা হয়। আমাদের জন্ম দেওয়ার অপরাধে মাকে এই অত্যাচার সহ্য করতে হয়। বাবা এখন বিয়ে করতে চান। বিয়ে করার জন্য মায়ের কাছে টাকা দাবি করছেন। টাকার জন্য তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন তিনি।’প্রতিবেশী মিজানুর রহমান বলেন, চারটি কন্যাসন্তানের জন্ম দেওয়ার অপরাধে সালাম তাঁর স্ত্রীকে প্রায়ই মারধর করেন। এ নিয়ে সংসারে অশান্তি লেগে থাকে। সম্প্রতি তিনি বিয়ে করার ঘোষণা দিয়েছেন।সালামের ভাই আবুল বাশার সরদার বলেন, ‘আমার ভাই ছেলেসন্তানের আশায় আরেকটি বিয়ে করতে চান। এতে আমাদের পরিবারের সম্মতি রয়েছে। ভাই ভাবিকে মারধর করেননি। বকাঝকা করায় তিনি বাড়ি থেকে চলে গেছেন।’ এ প্রতিবেদক আবু সালামের সঙ্গে কথা বলার জন্য তাঁর বাড়িতে উপস্থিত হলে সাংবাদিক পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে আবু সালাম দৌড়ে পালিয়ে যান।সামন্তসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তার হোসেন জানান, ‘অভিযোগটি আমার কাছে আসার পর আমি সালামকে নোটিশ দিয়েছি। এখনো তারা আমার কাছে আসেনি। চৌকিদার পাঠিয়ে তাদের ইউনিয়ন পরিষদে এনে মীমাংসার চেষ্টা করব।’ফাহিমা খাতুন জানান, এ ব্যাপারে প্রথমে গোসাইরহাট থানায় অভিযোগ দিতে গেলে থানা মামলা নেয়নি। পরে তিনি পুলিশ সুপারের কাছে আবেদন করেন। শরীয়তপুরের পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান বলেন, ফাহিমা খাতুনের আবেদন পাওয়ার পর তা গোসাইরহাট থানায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা নিতে ওই থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মোল্লা বলেন, ‘গত বুধবার এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। অভিযোগটি মামলা হিসেবে তালিকাভুক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’