বিয়ে করলেন ভুটানের রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে করলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। আজ বৃহস্পতিবার এক সাধারণ ঘরের মেয়ে জেটসান পেমার সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয়। বিয়ের মূল অনুষ্ঠান হয় দেশটির প্রাচীন রাজধানী পুনাখায় সপ্তদশ শতাব্দীতে নির্মিত একটি সুরক্ষিত দুর্গে। ৩১ বছর বয়সী রাজা জিগমে খেসার ওয়াংচুকের চেয়ে ১০ বছরের ছোট জেটসান পেমা। বিয়ের অনুষ্ঠানের মধ্যে এক ঘণ্টার প্রার্থনা ও শুভকামনা ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে রাষ্ট্রের উচ্চপর্যায়ের নেতা, বিদেশি কোনো রাজা-বাদশা বা বিখ্যাত কেউ উপস্থিত ছিলেন না। সংক্ষিপ্ত অনুষ্ঠানের পর জিগমে খেসার ও জেটসান পেমা একে অপরের হাত ধরে প্রাসাদে ফিরে যান।নব দম্পতি মধুচন্দ্রিমায় যাবেন ভারতের রাজস্থানে। ২৩ অক্টোবর তাঁদের নয়াদিল্লি পৌঁছানোর কথা। সেখানে ১ নভেম্বর পর্যন্ত তাঁরা অবস্থান করবেন। ভারতের হিমাচল প্রদেশের সানাওয়ারে লরেন্স স্কুলে পড়াশোনা করেছেন পেমা। এ ছাড়া পশ্চিমবঙ্গের কালিমপংয়ে সেন্ট জোসেফস কনভেন্টেও পড়েছেন তিনি।২০০৬ সালে বাবা জিগমে সিংহে ওয়াংচুক সরে দাঁড়ালে ভুটানের রাজার দায়িত্ব পান জিগমে খেসার ওয়াংচুক। ১০০ বছরেরও বেশি সময় ধরে রাজত্ব করা বর্তমান রাজবংশের পঞ্চম রাজা তিনি।