বিয়ে করলেন মালাওয়ি প্রেসিডেন্ট
মালাওয়ি প্রেসিডেন্ট বিঙ্গু ওয়া মুথারিকা বিয়ে করলেন সাবেক ক্যাবিনেট মন্ত্রী ক্যালিস্টা চ্যাপোলাকে। প্রেসিডেন্ট মুথারিকার এটি দ্বিতীয় বিয়ে। চার সন্তানের জনক মুথারিকার প্রথম স্ত্রী ক্যানসার আক্রান্ত হয়ে মারা যান। এদিকে চ্যাপোলাও দুই সন্তানসহ বিধবা ছিলেন। নিউইয়র্ক টাইমস জানায়, গতকাল শনিবার রাজধানীর স্টেডিয়ামে ক্যাথোলিক চার্চের প্রধান আর্চবিশপ এই বিয়ে অনুষ্ঠান সম্পাদন করেন। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।বিয়ের বর প্রেসিডেন্ট বিঙ্গু ওয়া মুথারিকা হাতের দস্তানা থেকে শুরু করে পায়ের জুতা পর্যন্ত পুরোটাই সাদা রঙের পোশাক পরে একটি সাদা লিমোজিন গাড়িতে করে এ অনুষ্ঠানে এসেছিলেন। আর কনে ক্যালিস্টা চ্যাপোলা বাহারি রঙের কাপড়ে মোড়ানো একটি বিলাসবহুল গাড়িতে চড়ে এসেছিলেন বিয়ে করতে। সামনের ছোট রাস্তা দিয়ে যখন বর-কনে বিয়ের বেদির দিকে যাচ্ছিলেন তখন ১০০ জন সদস্য সংগীত গেয়ে তাঁদের অভিনন্দন জানাচ্ছিলেন। পরে বিয়ে শেষে প্রেসিডেন্টের বাসভবনে যাওয়া পর্যন্ত পুরো রাস্তায় মালাওয়ি জনগণ তাঁদের উষ্ণ অভিনন্দন জানায়।