বিয়ে করলেন রিতেশ-জেনেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ আট বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের তারকা জুটি রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি’সুজা। ঐতিহ্যবাহী মারাঠি রীতিতে ৩ ফেব্রুয়ারি শুক্রবার এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা। বিয়ের পরপরই ‘মিস্টার অ্যান্ড মিসেস দেশমুখ’ ক্যাপশনসহ স্ত্রী জেনেলিয়ার সঙ্গে নিজের একটি ছবি টুইট করেছেন রিতেশ। ৩ ফেব্রুয়ারি শুক্রবার সাদা ঘোড়ার পিঠে চেপে বিয়ের বারাত নিয়ে গ্র্যান্ড হায়াত হোটেলে উপস্থিত হন রিতেশ। সে সময় তাঁর পরনে ছিল সাদা শেরওয়ানি ও লাল পাগড়ি। সেখানে তাঁর বাবা রাজনীতিবিদ বিলাসরাও দেশমুখসহ বলিউডের অনেক রথী-মহারথীরাও উপস্থিত ছিলেন। রিতেশ-জেনেলিয়ার বিয়েতে বলিউডের তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরুখ খান, অভিষেক বচ্চন, জয়া বচ্চন, অজয় দেবগন, কাজল প্রমুখ। শারদ পাওয়ার, পৃথ্বীরাজ চৌহানসহ বেশ কয়েকজন রাজনীতিবিদও উপস্থিত ছিলেন এই বিয়েতে। বিয়ের অনুষ্ঠানে লাল এবং সোনালি রঙের লেহেঙ্গায় দেখা গেছে জেনেলিয়াকে। তার এই বিয়ের পোশাকটির নকশা করেছেন ঋতু কুমার। রিতেশ-জেনেলিয়ার প্রথম পরিচয় ২০০৩ সালে, ‘তুঝে মেরি কসম’ ছবিতে অভিনয় করার সময়। এরপর টানা ৮ বছর চুটিয়ে প্রেম করেছেন তারা। অবশ্য বলিউডের প্রেমের চিরাচরিত রীতি অনুযায়ী বরাবরই নিজেদের ‘বিশেষ’ সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ খোলেননি তারা। শেষ পর্যন্ত বিয়ের মধ্য দিয়ে তাদের প্রেমের অধ্যায়টির সফল পরিসমাপ্তি ঘটল। চলতি মাসের শেষের দিকেই মুক্তি পাচ্ছে এই জুটি অভিনীত রোমান্টিক ছবি ‘তেরে নাল লাভ হো গ্যায়া’।