বিয়ে করলেন হাবিব ওয়াহিদ
কতজনের সঙ্গেই না হাবিবের প্রেমের খবর শোনা গিয়েছিল। কখনো মডেল, কখনো ডিজে আবার কখনো টিভি অভিনেত্রী। কিন্তু সবকিছুকেই গুজব প্রমাণ করলেন হাবিব। গত বুধবার রাতে হাবিব বিয়ে করলেন চট্টগ্রামের রেহান চৌধুরীকে। হাবিব জানিয়েছেন, রেহান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী। তিনি আরও জানান, গত বুধবার রাত আটটায় চট্টগ্রামেই কনের বাড়িতে অল্পসংখ্যক লোকের উপস্থিতিতে বিয়ের পর্ব সম্পন্ন করা হয়। এ সময় হাবিবের মা-খালা এবং ঘনিষ্ঠ দু-একজন বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে হাবিব প্রথম আলোকে বলেন, ‘এটা আসলে একেবারে হঠাৎ করেই হয়েছে। বিয়ের ব্যাপারে আমি প্রস্তুত ছিলাম না। এমনকি আগের দিন পর্যন্ত আমি জানতাম না যে বুধবার রাতেই বিয়ে করব। মা ও খালার অনুরোধে হঠাৎ করেই বিয়ের কাজটি সেরে ফেলতে হয়েছে। তাড়াহুড়োর কারণে বিয়ের ব্যাপারটি কাউকে জানাতে পারিনি। আমি এখনো চট্টগ্রামেই আছি। কাল-পরশু ঢাকায় ফিরব। তবে খুবই ভালো লাগছে পরিবারের পছন্দে বিয়ে করতে পেরে। আমি ভক্ত-শ্রোতা এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাইছি।’ পারিবারিক আরেকটি অনুষ্ঠানের কারণে ছেলের বিয়েতে উপস্থিত থাকতে পারেননি বাবা ফেরদৌস ওয়াহিদ। বললেন, ‘এক বছর ধরেই রেহানের পরিবারের সঙ্গে হাবিবের মায়ের বিয়ের ব্যাপারে কথাবার্তা চলছিল। তবে গতকালের ব্যাপারটা একেবারে হঠাৎ করেই হয়ে গেছে।’ খুব শিগগির হাবিবের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানান তিনি।বর্তমানে হাবিব-রেহান দম্পতি চট্টগ্রামে অবস্থান করছেন। জানা গেছে, হাবিবের নতুন স্ত্রী রেহানের জন্ম সৌদি আরবে। আর দাদাবাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। উল্লেখ্য, এর আগে ২০০৩ সালে প্রথম স্ত্রীর সঙ্গে হাবিব ওয়াহিদের ছাড়াছাড়ি হয়ে যায়। এটি তাঁর দ্বিতীয় বিয়ে।