বিয়ে করে ‘নীরব যন্ত্রণা’য় দেড় কোটি নারী
বিয়ে করে ‘নীরব যন্ত্রণা’য় পড়েছেন চীনের প্রায় এক কোটি ৬০ লাখ নারী। যন্ত্রণার কারণ, তাঁদের স্বামীরা ‘সমকামী’। এ দাবি করেছেন চীনের খ্যাতিমান একজন গবেষক।এইচআইভি/এইডস নিয়ে গবেষণা করেন কিংদাও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঝ্যাং বেই-চুয়ান। তাঁর বরাত দিয়ে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত দৈনিক চায়না ডেইলি লিখেছে, দেশের ঐতিহ্যগত মূল্যবোধের চাপের কারণে প্রায় ৯০ শতাংশ সমকামী পুরুষ বিয়ে করেন। এই পুরুষদের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে নীরব যন্ত্রণা ভোগ করেন তাঁদের স্ত্রীরা।চুয়ানের দাবি, চীনে প্রায় এক কোটি ৬০ লাখ নারী সমকামী পুরুষদের বিয়ে করে থাকতে পারেন।সমকামী পুরুষকে বিয়ে করেছিলেন চীনের সানঝি প্রদেশের একটি ম্যাগাজিনের সম্পাদক ঝিয়াও ইয়াও। খাপ খাওয়াতে না পেরে ২০০৮ সালে স্বামীকে তালাক দেন ২৯ বছর বয়সী এই নারী। নিজের অভিজ্ঞতা থেকে ঝিয়াও বলেন, ‘সমকামী পুরুষের স্ত্রী যাঁদেরকে আমি চিনি, তাঁদের অধিকাংশই নীরব যন্ত্রণা সহ্য করেন। তাঁদের স্বামীরা তাঁদেরকে কখনোই ভালোবাসে না। আমার মতো অনেকেই স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন।’চুয়ানের বক্তব্যে মিশ্র মত পোষণ করেছে সমকামী সম্প্রদায়। ২৮ বছর বয়সী সমকামী পুরুষ ঝিয়াও ডং বলেন, ‘চুয়ানের দাবির কোনো ভিত্তি নেই। আর এই বিষয়টা নিয়ে গবেষণারও কোনো যুক্তি দেখছি না আমি।’অন্যদিকে চুয়ানের গবেষণাকে ‘যথার্থ’ বলে মন্তব্য করেছেন বেইজিংয়ের ৫০ বছর বয়সী সমকামী পুরুষ মেং লিং। তিনি বলেন, ‘বহু বছর আগে আমিও এক নারীকে বিয়ে করেছিলাম। কিন্তু যখন বুঝতে পারি যে আমার এইচআইভি পজিটিভ, তখন সমকামিতা থেকে সরে আসি।’ লিং মনে করেন, সমকামী পুরুষ ও তাঁদের স্ত্রীরা উভয়েই সামাজিক বৈষম্য ও কলঙ্কের শিকার হন। তাই শুধু একপক্ষকে দোষারোপ করা উচিত নয়।’