বিয়ে করেছেন নাটালি পোর্টম্যান!
‘ব্ল্যাক সোয়ান’ ছবিতে অভিনয়ের জন্য গত বছরের অস্কার জয়ী হলিউডের অভিনেত্রী নাটালি পোর্টম্যান এবং সে ছবির কোরিওগ্রাফার বেঞ্জামিন মিলেপিয়েড সম্প্রতি বিয়ে করেছেন। বিয়ের এ খবরটি নাটালি বা বেঞ্জামিন কেউ না জানালেও সম্প্রতি হাটে হাঁড়ি ভেঙেছেন তাঁদের বিয়ের আংটির কারিগর জেমি উলফ। জেমির বরাতে এ তথ্য জানিয়েছে ইউএস ম্যাগাজিন।এ বছরের অস্কার আসরে আঙুলে আংটি পরা অবস্থায় ৩০ বছর বয়সী নাটালি ও ৩৪ বছর বয়সী বেঞ্জামিনকে চোখে পড়ার পর থেকেই খবর রটেছিল যে গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। পরে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন গয়নার কারিগর জেমি। তিনি নিজেও একজন নৃত্যশিল্পী এবং ব্যালে নৃত্যশিল্পী বেঞ্জামিনের বন্ধু। এ প্রসঙ্গে জেমির উদ্ধৃতি দিয়ে ইউএস ম্যাগাজিন জানিয়েছে, ‘বেঞ্জামিন ও নাটালি তাঁদের আঙুলে বিয়ের আংটিই পরেছিলেন, আর সেগুলোর নকশা আমি নিজেই করেছি। প্লাটিনাম ও হিরে দিয়ে বানানো হয়েছে আংটিগুলো।’ নাটালির বিয়ের খবর নিশ্চিত করলেও এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি জেমি। ২০১০ সালে নাটালির বাগদানের আংটিটির নকশাও করেছিলেন তিনি। হিরে, প্লাটিনাম এবং বিভিন্ন ধরনের পাথর বসিয়ে আংটিটি বানানো হয়েছিল। ২০০৯ সালে ‘ব্ল্যাক সোয়ান’ ছবিতে কাজ করতে গিয়ে ছবিটির কোরিওগ্রাফার ও ব্যালে নৃত্যশিল্পী বেঞ্জামিনের সঙ্গে পরিচয় হয় নাটালির। পরিচয় থেকে প্রেম এবং পরের বছরের ডিসেম্বরে নিজেদের বাগদানের ঘোষণা দেন এই জুটি। এর কিছুদিন পর নাটালি নিশ্চিত করেন, মা হতে চলেছেন তিনি। ২০১১ সালের জুনে ছেলে অ্যালেফ পোর্টম্যান মিলেপিয়েডের জন্ম দেন নাটালি।