বিয়ে টেকাতে মরিয়া শোয়ার্জেনেগার!
শেষ পর্যন্ত মিলনের হাওয়াই যেন বইতে শুরু করেছে হলিউডের অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগার এবং মারিয়া শ্রিভারের জীবনে! পুরোনো ভুল শুধরে একে অপরের জীবনে ফিরে আসার লক্ষ্যে সম্প্রতি ম্যারেজ কাউন্সেলিং সেশন শুরু করেছেন বহুল আলোচিত এই জুটি। বিয়ে টেকাতে মরিয়া শোয়ার্জেনেগারই নাকি প্রথম এই কোর্সের উদ্যোগ নিয়েছিলেন।গৃহপরিচারিকা মিলড্রেড বায়েনার সঙ্গে আর্নল্ডের বিয়ে-বহির্ভূত সন্তানের খবর ফাঁস হওয়ার পর গত বছর তাঁকে ছেড়ে চলে যান মারিয়া। নিজের ভুল স্বীকার করে বারবার ক্ষমা চাইলেও আর্নল্ডকে দ্বিতীয় কোনো সুযোগ দিতে অপারগতা প্রকাশ করেছিলেন মারিয়া। তবে সম্প্রতি নমনীয় হয়েছেন তিনি। আর্নল্ডের সঙ্গে সব দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে একসঙ্গে ম্যারিজ কাউন্সিলিং সেশনেও অংশ নিচ্ছেন মারিয়া। অবশ্য যেভাবে তিনি প্রতারিত হয়েছেন, তা নাকি কোনো ক্রমেই ভুলতে পারছেন না।এ প্রসঙ্গে মারিয়ার একজন কাছের বন্ধুর উদ্ধৃতি দিয়ে স্ক্রিন ইন্ডিয়া জানিয়েছে, ‘একে অপরের জীবনে ফিরে আসতে চান আর্নল্ড ও মারিয়া। এই উদ্দেশে তাঁরা এখন নিয়মিতভাবেই ম্যারেজ কাউন্সেলিং সেশনে অংশ নিচ্ছেন। ধর্মীয় বিশ্বাসের কারণে বিচ্ছেদপ্রথার ঘোর বিরোধী মারিয়া। কিন্তু তার পরও আর্নল্ড তাঁকে যে আঘাত দিয়েছেন, কিছুতেই তা ভুলতে পারছেন না তিনি। এদিকে আর্নল্ডও খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন যে মারিয়াকে ছাড়া তাঁর চলবে না। আর্নল্ড তাঁকে এও বলেছেন, তিনি নাকি পুরোপুরি পালটে গেছেন। এর পরও মারিয়ার কাছের বন্ধুরা এ ব্যাপারে তাঁকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।’