বিয়ে নিয়ে অ্যানিস্টনের আলটিমেটাম!
এ বছরের শেষের দিকে জাস্টিন থেরক্সকে বিয়ে করে থিতু হওয়ার পরিকল্পনা করছেন হলিউডের অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। সম্প্রতি কাছের বন্ধুদের এমনটাই জানিয়েছেন ৪৩ বছর বয়সী এ তারকা। এদিকে ঘর বাঁধতে মরিয়া অ্যানিস্টন ইতিমধ্যে থেরক্সকে বিয়ের সময় সীমাও বেঁধে দিয়েছেন।এ প্রসঙ্গে জেনিফারের উদ্ধৃতি দিয়ে আইএএনএস জানিয়েছে, ‘এ মুহূর্তে জাস্টিনই আমার জীবনের “একমাত্র পুরুষ”। ইতিমধ্যেই আমি তাঁকে এ বছরের মধ্যে আমাকে বিয়ে করার সময়সীমা বেঁধে দিয়েছি। এ সময়ের মধ্যে সে যদি আমাকে বিয়ের প্রস্তাব না দেয় কিংবা কোনো কারণে আমাদের বিয়ে না হয় তাহলে আমাদের সম্পর্কের ইতি ঘটবে বলেও তাঁকে জানিয়ে দিয়েছি আমি।’ জেনিফার আরও বলেছেন, ‘আবারও বলছি, এ বছরের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসব আমরা। বিয়ের পর বাচ্চা-কাচ্চাও নেব। সন্তান লালন-পালনের পূর্বপ্রস্তুতি হিসেবে নতুন পোষা কুকুর সোফির দেখভাল করছি। নিজেদের সন্তানের মতোই সোফির প্রতি দায়িত্ব পালন করছি। সব মিলিয়ে দারুণ সময় কাটছে আমাদের। জীবন নিয়ে অনেক বেশি তৃপ্ত আমি।’ দুই বছর আগে ‘ওয়ান্ডার লাস্ট’ ছবির সেটে পরিচয় হয়েছিল জেনিফার অ্যানিস্টন ও জাস্টিন থেরক্সের। সেই থেকে চুটিয়ে প্রেম করছেন এ তারকা জুটি।