বিয়েই নারীর একমাত্র লক্ষ্য নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশির ভাগ নারীই এখন চট করে বিয়ে করতে চান না। বিয়ের ব্যাপারে নারীরা অনেক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেন। বিয়েকেই নারীরা এখন জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে ভাবেন না। এর পেছনে তাঁদের রয়েছে হাজারো কারণ। নারীরা এখন জীবনে সফল হতে চান। হতে চান স্বাধীন। আর এ পথে বিয়েকে বাধা হিসেবে ভাবেন তাঁরা। পেশাগত সাফল্যকেও এখন অনেক বেশি গুরুত্ব দেন নারীরা। আর তাই জীবনে বিয়ের সিদ্ধান্তটা নারীরা একটু দেরিতেই নিয়ে থাকেন। সম্প্রতি ভারতে এক জরিপে এমন তথ্যই পাওয়া গেছে।এ প্রসঙ্গে ভারতের একটি ব্যাংকের কর্মকর্তা জয়িতা সেন বলেন, সময় বদলেছে। নারীরা এখন অর্থনৈতিকভাবে স্বাধীন। আর তাই তাঁরা বিয়েকেই জীবনের একমাত্র লক্ষ্য বলে মনে করেন না। এ ছাড়া বিবাহ বিচ্ছেদের হার এত বেড়েছে যে নারীরা আর বিয়ের ওপর খুব বেশি আস্থা রাখতে পারছেন না।দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, অভিভাবকেরাও এখন বিয়ের জন্য সন্তানদের বেশি চাপ দেন না। অনেক বাবা-মা ছেলেমেয়েদের এ বিষয়ে নিজেকেই সিদ্ধান্ত নিতে বলেন। শিল্পী দীপালি পাটকার বলেছেন, এখন ৩০ বছর বয়সের পরও নারীদের সন্তান হওয়া স্বাভাবিক। নারীদের ৩৪, ৩৬ এমনকি ৪০ বছর বয়সেও সন্তান হয়ে থাকে। বেশির ভাগ নারী এখন একটি বা দুটি সন্তানের বেশি নিতে আগ্রহী নন। তাই তাড়াতাড়ি সন্তান নিতে হবে এমন চিন্তায় নারীরা তাড়াতাড়ি বিয়ে করতে চান না।কবিতা পণ্ডিত নামে অপর এক নারী বলেন, বিয়ে সফল করতে দুজন নর-নারীর মধ্যে অনেক সমঝোতার প্রয়োজন। কিন্তু আজকের কর্মব্যস্ত যুগে নারী ও পুরুষের এ ধরনের সমঝোতা তৈরি করা কঠিন। তাই দেরিতেই বিয়ে করার পক্ষপাতী ভারতের নারীরা।