বিয়েতে কনের বয়স পরীক্ষা বাধ্যতামূলক
ঘটনাটি যশোরের একটি গ্রামের। বছরখানেক আগের। যশোরের একটি স্কুলে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করত আশা (ছদ্মনাম)। মা-বাবার একমাত্র সন্তান। বড় আদরের। কখনো যেন মেয়ে এতটুকু কষ্ট না পায়, তার জন্য কত না আয়োজন। কখনো কোনো বায়নাকেই অবহেলা করেননি তাঁরা। মেয়েটি স্কুলে পড়ার সময় সম্পর্কে জড়িয়ে পড়ে পাশের গ্রামের এক ছেলের সঙ্গে। ছেলেটি ডিগ্রিতে পড়ে। বিষয়টি যখন মেয়েটির মা-বাবা জানতে পারেন, তখন তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করা হয়। সে মানতে চায় না। ছেলেটিকে তার জীবন-মরণ ভাবতে থাকে। একপর্যায়ে ছেলেটির সঙ্গে পালিয়ে যায় সে। পালিয়ে গিয়ে যশোরে বিয়ে করে তারা। সংশ্লিষ্ট কাজি মেয়েটির বয়স যাচাই না করেই বিয়ে নিবন্ধন করেন। অথচ মেয়েটির বয়স তখন মাত্র ১৫। বিয়ে করে গ্রামের বাড়ি ফিরে যায় সে। মেয়েটির পরিবার কৌশলে মেয়েকে বিষয়টি ভালো করে আবারও বোঝায়। এ পর্যায়ে মেয়েটি বুঝতে পারে। মেয়ের বাবা থানায় বাল্যবিবাহের মামলা করেন। ফেঁসে যায় ছেলে ও তার পরিবার। আদালত মেয়েটির বয়স ১৮ বছর হয়েছে কি না জানতে চান। জন্মনিবন্ধন সনদ অনুযায়ী মেয়েটির বিয়ের বয়স হয়নি। তাই আদালত মেয়ের মতামত ও প্রমাণ সাপেক্ষে ছেলে ও অন্য অভিযুক্তদের সাজা দেন। আমাদের দেশে ছেলেমেয়ের প্রেমের বিয়ে এখন অহরহ ঘটছে। তবে বিয়ে নিবন্ধকেরা অনেক সময় বর-কনের বিশেষ করে কনের বয়স যাচাই-বাছাই না করে বিয়ে নিবন্ধন করে থাকেন। ফার্মগেটের একজন কাজির সহকারী জানান, বয়স যাচাই-বাছাই ছাড়া বিয়ে সাধারণত অশিক্ষিত ছেলেমেয়েদের মধ্যে বেশি হয়। কারণ, তাদের বয়স প্রমাণের তেমন কোনো কাগজপত্র থাকে না। আবার প্রেম বা সম্পর্কের বিয়ের ক্ষেত্রে এমনটি ঘটে।ঢাকা সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের নিকাহ ও তালাক রেজিস্ট্রার (কাজি) শরিফ উদ্দিন খন্দকার বলেন, অপ্রাপ্ত বয়স্ক কোনো ছেলেমেয়ের বিয়ে দিলে তাঁর বিরুদ্ধে বাল্যবিবাহ মামলা করা যায়। এতে অভিযুক্তদের জেল-জরিমানারও বিধান আছে। সে বিয়ে যদি তারা পালিয়ে করে, তবে অভিভাবক মামলা করতে পারেন। এ ক্ষেত্রে অপহরণ মামলাও হতে পারে।গত ৭ অক্টোবর বাল্যবিবাহ রোধে বিয়ের সময় কনের জন্মনিবন্ধন সনদ দেখে বয়স পরীক্ষা করতে নিকাহ রেজিস্ট্রারদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ। কুমিল্লার চৌদ্দগ্রামের নিকাহ রেজিস্ট্রার মো. আবুল হোসেনের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন। প্রতিবেদককে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কাজির সহকারী জানান, আইনে নিষেধ ও হাইকোর্টের রায় থাকার পরও প্রকৃত অর্থে অপরিণত বয়সের ছেলেমেয়ের বিয়ে কিংবা বাল্যবিবাহ বন্ধ হচ্ছে না। তিনি জানান, তাঁর এক নিকটাত্মীয়ের মেয়ের বয়স মাত্র ১৪ বছর। তার বিয়ে পারিবারিকভাবেই অভিভাবক ঠিক করেছেন। তিনি বলেন, ‘যেসব বিয়ের ক্ষেত্রে কনের বয়স ১৮ বছরের নিচে সেসব ক্ষেত্রে বিয়ের নিবন্ধনে আমরা কনের স্বাক্ষরের জায়গায় তাঁর বাবার স্বাক্ষর নিয়ে থাকি।’ এভাবেই নানা ফাঁকফোকরের মধ্যেই চলে বাল্যবিবাহ। তবে সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের বিয়ে আইনিভাবে স্বীকৃত নয়। যদি বিয়ে নিয়ে পরে কোনো ঝামেলা হয়, তবে মেয়েপক্ষকেই বেশি মাশুল দিতে হবে। আইন আছে, হাইকোর্টের রায় আছে, বিয়ের সময় কনের বয়স যাচাই করতে হবে, কিন্তু সাধারণ জনগণ কয়জন জানে এর পরিণতি সম্পর্কে। কোথাও ছেলেমেয়েরা নিজেরা দায়ী (যেসব ক্ষেত্রে সম্পর্কের বিয়ে হচ্ছে)। কোনো ক্ষেত্রে অভিভাবক দায়ী (অনেক সময় অভিভাবক নিজে কম বয়সের মেয়েকে বিয়ে দেন)। বাল্যবিবাহ নিবন্ধন করার জন্য কাজিরাও দায়ী। বাংলাদেশ কাজি সমিতির মহাসচিব মো. আবদুল হাই তালুকদার বলেন, ‘অনেক ক্ষেত্রে আমাদের বাল্যবিবাহ দিতে বাধ্য করা হয়। বিয়ে নিবন্ধন করতে না চাইলে নানা রকম ভয়ভীতিও দেখানো হয়। আমাদের সদিচ্ছা থাকলেও তাই তেমন কিছু করার থাকে না। আবার বিয়ে দিলেও নানা রকম পুলিশি হয়রানি হতে হয়।’ তিনি আরও বলেন, ‘হাইকোর্টের রায়ের পর আমরা ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে সবাইকে এ ব্যাপারে জানিয়ে দিয়েছি। যেসব বিয়ে ছেলেমেয়েরা নিজেদের ইচ্ছামতো করতে আসে, সেগুলো হয়তো বা আমরা বন্ধ করতে পারব। কিন্তু মেয়ের অভিভাবকেরা যখন নিজেরা সঙ্গে থাকেন, তখন আমরা মেয়ের বয়স প্রমাণের কাগজপত্র দেখতে চাইলে অভিভাবকের উল্টা প্রশ্ন কাগজপত্র দেখার আপনি কে? আপনার কাজ বিয়ে নিবন্ধন করা। আমার মেয়ে আমি বিয়ে দেব, তাতে আপনার কী?’সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রমাণের জন্য উপস্থাপিত দলিলেও অনেক সময় মেয়ের বয়স বাড়িয়ে আনা হয়। দেখা যায়, একই মেয়ের ক্ষেত্রে চেয়ারম্যান বা কমিশনারের দেওয়া সনদে সকালে বয়স কম থাকলেও বিকেলে আবার নতুন সনদে বয়স বাড়িয়ে আনা হচ্ছে। মো. আবদুল হাই বলেন, হাইকোর্টের রায়কে আমরা অভিনন্দন জানাই। আমরা মন্ত্রণালয়কে চিঠি লিখেছি যে কিসের ভিত্তিতে আমরা কনের বয়স নির্ধারণ করব। কারণ, উপস্থাপিত কাগজপত্র অনেক সময় ভুয়া থাকে। আমরা নানা রকম জোর-জবরদস্তির কথাও মন্ত্রণালয়ের সভায় তুলে ধরেছি। সাধারণ মানুষকে সচেতন করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি গণ-বিজ্ঞপ্তি দিতে বলেছি। তা না হলে মানুষ আমাদের সহযোগিতা করছে না।হাইকোর্টের নির্দেশনার পর বাল্যবিবাহ বন্ধের একটি রীতি গড়ে উঠবে বলে সংশ্লিষ্ট সবাই আশা করছেন।