বিয়েবাড়িতে যাওয়ার পথে ঝরে গেল ৮ প্রাণ
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা এলাকায় আজ শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনসহ আটজন নিহত হয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকালে ফেনীতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কক্সবাজার পৌরসভার টেকপাড়া কালুর দোকান এলাকা থেকে মাইক্রোবাসে করে শেখ ইফতিজা হোসেনের পরিবারের সদস্যরা রওনা হন। সকাল আটটার দিকে ডুলাহাজরা এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক মোহাম্মদ শাহজাহান (৩৫) ও যাত্রী হোসনে আরা (৪৫) ঘটনাস্থলে নিহত হন। মাইক্রোবাসের আহত যাত্রীদের ডুলাহাজরা খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে আরও পাঁচজনের মৃত্যু হয়। তাঁরা হলেন—শেখ ইফতিজা হোসেন (৬০), তাঁর দুই ভাই শেখ মুর্তজা হোসেন (৬৫) ও শেখ সেফায়েতুল আলম (৫০) এবং সাবরিনা সুলতানা (২১) ও আভা (৮)। গুরুতর আহত শাহীন, আইরিন ও মোবারককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহীনের (৩৮) মৃত্যু হয়কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।