বিয়েবাড়ির মাইক্রোবাস খালে, নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় গতকাল রোববার বিয়ে-পরবর্তী অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ আটজন নিহত হয়েছেন। আহত আটজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন জয়নাল আবেদিন (৫০), তাঁর স্ত্রী নাছিমা বেগম (৩৫) ও মেয়ে রহিমা বেগম (১০)। অন্যরা হলেন হারুনুর রশিদ (৬৫), আমেনা বেগম (৫৫), তাছলিমা বেগম (৩৫), রাজিয়া সুলতানা (১২) ও মনোয়ারা বেগম (৫০)। দুর্ঘটনায় বেঁচে যাওয়া নুরুল আমিন জানান, নোওগাঁ গ্রামের মিয়াজি বাড়ির হাফেজ আহাম্মদের মেয়ের সঙ্গে শুক্রবার ফরিদগঞ্জের পাটোয়ারী বাড়ির মহসিন হোসেনের বিয়ে হয়। গতকাল মেয়ের পক্ষের লোকজন ছেলের বাড়িতে বউ-ভাত অনুষ্ঠানে যায়। সেখান থেকে বিকেলে তিনিসহ ১৮ জন একটি মাইক্রোবাসে করে নোওগাঁর দিকে রওনা হন। পথে মাইক্রোবাসটি কাটাখালী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মাইক্রোবাসটি পাশের খালে পড়ে যায়। তিনি সামনের আসনে থাকায় বের হতে সক্ষম হন। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার-তৎপরতা শুরু করে। সোনাপুর ফায়ার সার্ভিস স্টেশনের হাবিলদার আবদুল মোতালেব জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁরা উদ্ধার-তৎপরতা শুরু করেন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় তিনজনকে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আরও একজন মারা যান।রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক আকন্দ বলেন, দুর্ঘটনার পরই চালক নুর হোসেন পালিয়ে যান। খাল থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে।