বিয়ের অনুষ্ঠান দেখতে ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে মানুষের ঢল
প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ের অনুষ্ঠান দেখতে লন্ডনে ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে নেমেছে মানুষের ঢল। আজ শুক্রবার সকাল থেকে একেক করে আসতে শুরু করেছেন আমন্ত্রিত এক হাজার ৯০০ জন অতিথি। তবে রাস্তায় রয়েছে হাজারও মানুষের ভিড়। বিয়ের অনুষ্ঠানটি চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। বিবিসির এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে।ওয়েস্ট মিনস্টার অ্যাবের রাস্তায় গতকাল সারা রাত তিন থেকে পাঁচ হাজার মানুষ উপস্থিত ছিলেন। আশা করা হচ্ছে, বর ও কনে রাস্তা দিয়ে যাওয়ার সময় ছয় লাখেরও বেশি মানুষ রাজপথের দুই ধারে উপস্থিত থাকবে। এ জন্য লন্ডনে কেন্দ্রস্থল থেকে প্রায় দুই বর্গকিলোমিটার জুড়ে থাকবে কঠোর নিরাপত্তা বলয়।স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, বিয়ের সময় পাঁচ হাজার নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করবেন। বিয়ের অনুষ্ঠানে যাওয়া-আসার রাস্তায় নিয়োজিত থাকবেন ৯০০ জনেরও বেশি নিরাপত্তাকর্মী। এ সময় কিছু নিরাপত্তাকর্মী সাধারণ পোশাকে জনগণের মধ্যে থাকবেন।