বিয়ের অনুষ্ঠানে নাচ-গান, ৬ পাকিস্তানির মৃত্যুদণ্ড
পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে নাচ-গান করার অপরাধে চার নারী ও দুই পুরুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পুলিশ আজ সোমবার জানায়, উপজাতীয় একটি গোষ্ঠীর ধর্মীয় নেতারা এই রায় দেন।মুঠোফোনের মাধ্যমে ওই বিয়ের অনুষ্ঠানের ভিডিওচিত্র ছড়িয়ে পড়ে। উপজাতীয় ওই গোষ্ঠীর কঠোর প্রথা অনুযায়ী বিয়ের অনুষ্ঠানে নারী ও পুরুষদের আলাদা অবস্থান করার কথা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ১৭৬ কিলোমিটার উত্তরে অবস্থিত পার্বত্য জেলা কোহিস্তানের প্রত্যন্ত এক গ্রামে ওই বিয়ের অনুষ্ঠান হয়। জেলা পুলিশের কর্মকর্তা আবদুল মাজিদ আফ্রিদি বলেন, ভিডিওচিত্রে যে চার নারী ও দুই পুরুষকে দেখা গেছে, তাঁদের হত্যার জন্য স্থানীয় ধর্মীয় নেতারা নির্দেশ দিয়েছেন। প্রথমে পুরুষদের হত্যার আদেশ দেওয়া হয়। তবে তাঁরা পালিয়ে যাওয়ায় সংশ্লিষ্ট নারীদের আপাতত শাস্তি পেতে হবে না। তাঁদের উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে।ওই চার নারীকে ঘরে আটকে রাখা হয়েছে বলে উল্লেখ করে মাজিদ আফ্রিদি বলেন, দুটি উপজাতীয় গোষ্ঠীর মধ্যে বিরোধের জের ধরে ওই ঘটনা সাজানো হয়। ওই বিয়ের অনুষ্ঠানে নারী ও পুরুষদের ঘনিষ্ঠ হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভিডিওচিত্রে সবাই পৃথক অবস্থানে ছিলেন। এতে চার নারীকে গাইতে দেখা যায়। এরপর অন্য একটি দৃশ্যে একজন পুরুষকে নাচতে দেখা যায়। উপজাতীয় গোষ্ঠীর সুনাম ক্ষুণ্ন করতে উদ্দেশ্যমূলকভাবে ওই ভিডিওচিত্র তৈরি করা হয়েছে।পাকিস্তানের মানবাধিকার কমিশন জানায়, পারিবারিক সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে দেশটিতে গত বছর অন্তত ৯৪৩ জন নারী ও কিশোরীকে হত্যা করা হয়েছে। এই পরিসংখ্যানে বলা হয়, রক্ষণশীল মুসলিম রাষ্ট্র পাকিস্তানে নারী নির্যাতন নিয়মিত ঘটনা। সেখানে নারীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করা হয়। ওয়েবসাইট