বিয়ের অনুষ্ঠানে বখাটেদের হামলা নিহত ১
বিয়ের অনুষ্ঠানে বখাটে যুবকদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জাকির হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। বরিশালের আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের আবু ছাদেক সরদারের মেয়ে উম্মে কুলসুম শীলার (১৯) বিয়ের দিন ছিল গতকাল শুক্রবার। তিনি স্থানীয় কাসেমাবাদ কামিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্রী। শীলার পরিবারের অভিযোগ, মাদ্রাসায় যাওয়া-আসার পথে আবু বক্কর (২২) নামের এক বখাটে যুবক প্রায়ই তাঁকে উত্ত্যক্ত করত। একপর্যায়ে শীলা মাদ্রাসায় যাওয়াই বন্ধ করে দেন। সম্প্রতি গাজীপুরের মামুন শেখের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের খবর পেয়ে বখাটে যুবক আবু বক্কর সাত-আটজন সহযোগী নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শীলাদের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধের হুমকি দিয়ে আসে। রাত সাড়ে ১০টার দিকে তাঁরা শীলাদের বাড়ির প্রবেশমুখে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এবং সেখানে পিকনিকের আয়োজন করে ও উচ্চ আওয়াজে গান বাজায়। পিকনিক বন্ধের অনুরোধ জানানো হলে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে বখাটে যুবকেরা শীলার বাবাকে মারধর শুরু করে। এ সময় শীলার আত্মীয়স্বজন এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১৩ জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের আগৈলঝাড়া ও গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে আবু বক্করের বাবা জাকির হোসেনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল দুপুরে তিনি মারা যান। তিনি ছিলেন রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। স্থানীয় লোকজন জানায়, জাকির হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকেরা শীলাদের বাড়িতে গিয়ে হামলা চালায়। তারা সেখানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। বখাটেপনা ও হামলার অভিযোগ অস্বীকার করে আবু বক্কর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শীলার আত্মীয়স্বজনই প্রথমে তাঁদের ওপর হামলা চালিয়েছে। এর জের ধরে এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে।আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন জানান, এ ঘটনায় নিহতের ভাই খলিলুর রহমান ১৮ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার নন্দী বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। মুঠোফোনে বর মামুন শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা ৫৫ জন বরযাত্রী নিয়ে বাসে করে গাজীপুর থেকে আগৈলঝাড়ার উদ্দেশে রওনা দেই। মাওয়া ফেরিঘাটে পৌঁছালে শীলাদের বাড়ির দুঃসংবাদ পাই। পরে আমরা কনের বাড়িতে না গিয়ে গাজীপুরে ফিরে যাই।’