বিয়ের আগের যৌন সম্পর্ক নিয়ে মরক্কো দ্বিধাবিভক্ত
আফ্রিকার মুসলিমপ্রধান দেশ মরক্কো। গত বছর নতুন সংবিধান প্রণয়নের পর পশ্চিমারা প্রশংসা করে বলেছিল, গণতন্ত্র ও আধুনিকতার কারণে প্রতিবেশী দেশগুলোর কাছে মরক্কো একটি মডেল। ভাবা হচ্ছিল, দেশটি আধুনিকতার পথ ধরেই এগোবে। কিন্তু না, সম্প্রতি বিয়ের আগে শারীরিক সংসর্গ থাকা উচিত কি না, এ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন দেশটির সুশীল সমাজ, রাজনীতিবিদসহ নানা শ্রেণী-পেশার মানুষ। সম্প্রতি এক টেলিভিশন টক শোতে বিয়ের আগের শারীরিক সম্পর্ককে সমর্থন করে বক্তব্য দেন মরক্কোর দৈনিক আল-আহাদাত আল-মাগরিবিয়ার সম্পাদক মুক্তার আল-ঘুজোই। এরপর তাঁর বিরুদ্ধে জারি করা হয় ফতোয়া। তিনি বলেন, ‘আমাকে ও আমার পরিবারকে নিয়ে আমি ভীত-সন্ত্রস্ত। এটা শুধু আমার প্রতি নয়, যাঁরা মরক্কোকে আধুনিকতা ও সামনের দিকে এগিয়ে নিতে চান, তাঁদের ওপর আঘাত।’দেশটির দণ্ডবিধির ৪৯০ ধারা অনুযায়ী, বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কের শাস্তি হাজতবাস। অবিবাহিতদের শারীরিক সংসর্গ থেকে দূরে রাখতে এটা করা হয়েছে। মুক্তারের বক্তব্য এ আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে প্রবল বিতর্কের সৃষ্টি হয়েছে।মরক্কোর মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন দণ্ডবিধির ৪৯০ ধারাটি আরও পরীক্ষা-নিরীক্ষার আহ্বান জানিয়ে বলেছে, এ আইনের কারণে নারীরা শারীরিক সংসর্গবঞ্চিত পুরুষদের হাতে হয়রানির শিকার হচ্ছেন।প্রশ্ন হচ্ছে, আইনের পরিবর্তন কি সমস্যার সমাধান দেবে? যৌন বিশেষজ্ঞ আবু বার্ক হারাকাত এ ব্যাপারে নেতিবাচক ধারণা পোষণ করেন। তিনি বলেন, বাড়ির বাইরে শারীরিক সংসর্গে লিপ্ত থাকা এবং নারীর সতীত্ব নিয়ে যাঁরা চিন্তিত, তাঁদের মতামত বা ধারণা রাতারাতি পরিবর্তন হবে না। তিনি আরও বলেন, সমাজ মানুষকে আইনের প্রতি সম্মান দেখাতে বাধ্য করতে পারে, কিন্তু তা ব্যক্তিকেন্দ্রিক নয়। গত বছর ধর্ষকের সঙ্গেই ১৬ বছর বয়সী আমিনা ফিলালির বিয়ের আদেশ দেন আদালত। পরিবারের সম্মান রক্ষায় আদালত এ কাজ করেন। স্বামীর হাতে বেদম পিটুনি খাওয়ার পর মার্চে আত্মহত্যা করেন আমিনা ফিলালি। মরক্কোর দক্ষিণের প্রত্যন্ত অঞ্চলের একটি রক্ষণশীল গ্রামে এ ঘটনা ঘটে। সম্প্রতি শারীরিক সংসর্গের সময় ধরা পড়ায় দুই অবিবাহিত নারী-পুরুষের ছয় সপ্তাহের জেল হয়েছে।পঞ্চম মোহাম্মদ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী আবদেসসামাদ দিয়ালমি আইনের ৪৯০ ধারার অপসারণ চেয়ে বলেছেন, মানুষের শারীরিক সংসর্গে জড়ানোর অধিকার আছে। তিনি আরও বলেন, দেরিতে বিয়ের চলের কারণে দিন দিন অনেক জুটি বিয়ের আগে শারীরিক সংসর্গে জড়িয়ে পড়ছে। তিনি আরও বলেন, ‘সমাজ যৌনতা নিয়ে কথা বলবে না, কিন্তু মানুষ তা নিয়ে ভাবতেই থাকবে।’নতুন প্রজন্মের একজন প্রতিনিধি লুবাবা (২৫)। তিনি হাসতে হাসতে বলছিলেন, ‘ছেলে বন্ধুর সঙ্গে সাপ্তাহিক ছুটি কাটাতে গেলে হোটেলে পাশাপাশি দুটো কক্ষ নেব।’ এতে ঝুঁকি থেকেই যায়, এটাও জানান লুবাবা।মরক্কোর বাণিজ্যিক রাজধানী কাসাব্লাঙ্কার একটি মসজিদের ইমাম হাসান বেলায়েত বলেন, পশ্চিমা নয়, এমন সংস্কৃতির একটি অংশ ৪৯০ দণ্ডবিধি ধারা। তিনি বলেছেন, যদি এই ধারা অপসারণ হয়, তবে চারিদিকে আন্দোলন ছড়িয়ে পড়বে। এটা সমাজের জন্য দুর্যোগ ডেকে আনবে।’তবে সমালোচকেরা বলছেন, কঠোর আইনের কারণেই নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটছে বেশি।এ ক্ষেত্রে আইন পরিবর্তনের কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন সদ্য নির্বাচিত ইসলামি সরকারের বিচারমন্ত্রী মুস্তাফা রামিদ। তিনি বলেন, ‘বিয়ের আগে শারীরিক সংসর্গের অনুমতি দিলে সমাজে ভ্রষ্টাচার বাড়বে।’দেশটির তরুণ প্রজন্ম সেই সমাজব্যবস্থা চায়, যেখানে মুক্তার আল-ঘুজোইয়ের মতো মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। কিন্তু সমস্যাটা বাধান গোঁড়ারা। দেশটিতে উদার এবং গোঁড়াদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। তবে তা কমে যেতে শুরু করেছে। তাই বিয়ের আগেই শারীরিক সংসর্গে জড়ানোর বিষয়সহ সামাজিক ট্যাবুগুলো নিয়ে নানা বিতর্ক দেশটিতে বিধিনিষেধ ভাঙার লক্ষণ বলেও মনে করা হচ্ছে। বিবিসি অবলম্বনে