বিয়ের আসরে হাজির অন্তঃসত্ত্বা স্ত্রী, পালালেন বর
অন্তঃসত্ত্বা প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে আবারও বিয়ের পিঁড়িতে বসেছিলেন স্বামী শফিকুল আজম। খবর পেয়ে বিয়ের আসরে হাজির হন অন্তঃসত্ত্বা প্রথম স্ত্রী শামসুন্নাহার বৃষ্টি। শুরু হয় হট্টগোল। অবস্থা বেগতিক দেখে কৌশলে বিয়ের আসর থেকে পালিয়ে যান শফিকুল আজম।আজ শুক্রবার দুপুরে মাগুরা শহরের মালঞ্চি কমিউনিটি সেন্টারে শফিকুল আজমের বিয়ের আসরে এ ঘটনা ঘটে।শামসুন্নাহার বলেন, ঢাকার একটি বায়িং হাউসে কর্মরত শফিকুলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। চার বছর আগে তাঁরা নিজেরাই বিয়ে করেন। বর্তমানে তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। সম্প্রতি তিনি জানতে পারেন, শফিকুল মাগুরার স্টেডিয়ামপাড়ার একজনকে বিয়ে করছেন। তিনি তাঁকে বিষয়টি জিজ্ঞেস করলে শফিকুল জানান, ওই মেয়ের বাবা বিএনপির নেতা। স্থানীয় রাজনীতির স্বার্থে তিনি এই বিয়েতে রাজি হয়েছেন। পরে কোনো উপায়ান্তর না দেখে শামসুন্নাহার বিষয়টি শফিকুলের হবু শ্বশুরকে জানান। কিন্তু তাঁরা বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় শামসুন্নাহার ঢাকা মহিলা পরিষদের সহায়তায় মাগুরা মহিলা পরিষদের নেতাদের নিয়ে সদর থানায় এ বিষয়ে অভিযোগ করেন। আজ মহিলা পরিষদের সদস্য ও পুলিশ নিয়ে শফিকুলের বিয়ের আসরে উপস্থিত হন শামসুন্নাহার। এ ঘটনায় বিয়ের আসরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে শফিকুল কৌশলে বিয়ের আসর থেকে পালিয়ে যান। শফিকুল আজমের ভগ্নিপতি টিপু মোল্যা বলেন, ‘শামসুন্নাহারের সঙ্গে বিয়ের বিষয়টি আমরা জানি। এটি পারিবারিকভাবে হয়নি। তাই আমরা এই বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করছি।’মাগুরা মহিলা পরিষদের আইনবিষয়ক সম্পাদক আইনজীবী সুরাইয়া পারভীন বলেন, ‘শামসুন্নাহার ও শফিকুল আজমের বিয়ের সব কাগজপত্র আমাদের কাছে আছে। শামসুন্নাহারের পক্ষে আমরা আইনগতভাবে বিষয়টি নিয়ে লড়ব।’ঘটনাস্থলে উপস্থিত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, শামসুন্নাহারের লিখিত অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।