বিয়ের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ এসেছিলেন বরের জন্য শেরোয়ানি, নাগরা কিনতে, কেউ এসেছেন কনের জন্য গহনা দেখতে। কেউ আবার খোঁজ করছিলেন বিয়েবাড়ি সামলানোর লোক। কারও আসা হাতে মেহেদি মাখতে। আর কেউ এসেছিলেন বরে-কনের জন্য ফ্ল্যাট দেখতে। বঙ্গবন্ধু সম্মেলনে মিররের আয়োজনে ৯ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত হয়ে গেল ‘ব্রাইডাল ফেস্টিভ্যাল অ্যান্ড লাইফ স্টাইল শো’। বিয়ে সব সামাজিক উৎসবের মধ্যে সবচেয়ে বেশি আনন্দ আর আড়ম্বরের সঙ্গে হয়, আর সেই বিয়ে নিয়ে যদি উৎসব হয় তাতে কার না আগ্রহ থাকে। শহরের নানা প্রান্ত থেকে হবু বর-কনে আর তাঁদের মা-বাবার পদচারণে জমজমাট হয়েছিল এ উৎসব। বরের পায়ের নাগরা থেকে শুরু করে কনের জড়োয়া গহনা পর্যন্ত প্রত্যেকটা জিনিস নিয়ে হাজির হয়েছিলেন উৎসবের আয়োজকেরা। ১৩০টি স্টলের প্রতিটিতেই ছিল বিয়ে এবং বিয়ের সঙ্গে সম্পর্কিত কোনো না কোনো সেবা কিংবা পণ্য। বিয়ের এ মৌসুমে বিয়ে নিয়ে এ উৎসব তাই জমেছিলও বেশ। আজ এ উৎসবের পর্দা নামবে ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। তবে আজকের আয়োজন কেবল আমন্ত্রিত অতিথিদের জন্যই।