বিয়ের ছবির প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়েবাড়ি মানেই আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর পরিবেশ। বর-কনেকে নিয়ে হই-হুল্লোড়, খানাপিনায় জমকালো উত্সব। সেই সব মুহূর্ত ক্যামেরায় ধরে রাখতে উত্সাহ-আগ্রহেরও কমতি থাকে না।বিয়ের ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছেন আলোকচিত্রী প্রীত রেজা। গতকাল শুক্রবার থেকে ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে এই প্রদর্শনী। শিরোনাম ‘ওয়েডিং ডায়েরি’। প্রদর্শনীর উদ্বোধন করেন জাদুশিল্পী দম্পতি জুয়েল আইচ ও বিপাশা আইচ। নব্বইয়ের দশকের গোড়ার দিকে ‘ওয়েডিং ফটোজার্নালিজম’ বিষয়টি প্রচলনের পরপর আলোকচিত্রজগতে বেশ আলোড়ন তৈরি করেছিল। উত্তর আমেরিকার কয়েকজন ওয়েডিং ফটোগ্রাফার ফটোসাংবাদিকতার ধরনে বিয়ের ছবি তোলার কাজ শুরু করেন। ওয়েডিং ফটোগ্রাফি বলতে বিয়ের হই-হুল্লোড়, সব কর্মযজ্ঞ থামিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তোলা নয়। বরং এক সচেতন পর্যবেক্ষক হয়ে আলোকচিত্রী চলে যান নেপথ্যে। দিন শেষে সবার অলক্ষ্যে তুলে আনেন ঘটনাবহুল দিনটির সত্যিকারের মিথস্ক্রিয়াগুলো। বিয়ের দিনের আসল স্মৃতি তো তা-ই। আলোকচিত্রী প্রীত রেজা সেই কাজটিই করেছেন। ওয়েডিং ডায়েরিতে রয়েছে বর-কনের দুজনের হাত এক হয়েছে এমন দৃশ্য, বরের টোপরের ছবি, উজ্জ্বল রঙিন বাতির নিচে কনের ঝকমকে চেহারা, ঘোড়ায় চড়ে বর আসছে, আয়নায় কনের ছবির প্রতিফলন—বিয়েবাড়ির এমন আরও কত নান্দনিক ছবি! আলোকচিত্রী প্রীত রেজা বিয়ের আনন্দময় আয়োজনের সঙ্গে নিজের কল্পনাশক্তিকে হালকাভাবে মিশিয়ে প্রামাণ্যচিত্রের আঙ্গিকে ভালো লাগার আবেশ ছড়ানো পরিবেশটি তুলে ধরেছেন।গতকাল গ্যালারিতে প্রবেশের আগেই ব্যান্ডদল জনপ্রিয় সব গানের তালে স্বাগত জানায় অতিথিদের। ঠিক যেন বিয়েবাড়িতে বরের আগমন। গ্যালারিতে প্রবেশ করতেই চেখে পড়ল সাজানো ময়ূর। এরপর নজরে এল বিভিন্ন বিয়ের স্মৃতিময় আলোকচিত্র আর ভিডিওচিত্র। বিয়ের মঞ্চও স্থান পেয়েছে প্রদর্শনীতে। পুতুলের গায়ে শেরোয়ানি আর লাল বেনারসি জড়িয়ে সাজানো হয়েছে বর-কনে। তাদের সামনে বিয়ের অনুষ্ঠানের নানা সরঞ্জাম। এসব দেখতে কানে ভেসে এল সানাইয়ের সুমধুর সুর। সাজানো ছিল গায়ে হলুদের মঞ্চও। ২০ নভেম্বর প্রদর্শনীর শেষ দিন