বিয়ের জন্য ওজন বাড়াচ্ছেন জোলি
হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বরাবরই তাঁর ওজন-সচেতনতার জন্য সিনেমা ট্যাবলয়েড পত্রিকাগুলোর শিরোনাম হয়েছেন। সম্প্রতি যুক্তরাজ্যের ‘ডেইলি স্টার’ জানিয়েছে, সেই জোলিই এবারে বিয়ের জন্য শরীরের ওজন বাড়াতে চাইছেন।শরীর-সচেতন জোলি বর্তমানে ওজন বাড়ানোর এই মিশনে নেমেছেন, যাতে বিয়ের পোশাক গায়ে চড়ালে তাঁকে আরও মোহময়ী মনে হয়।এদিকে বিয়ের সময়ও যে প্রায় কাছে চলে এসেছে! এই গ্রীষ্মেই বিয়ে করছেন হলিউডের জনপ্রিয় জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। জানা গেছে, জোলির ওজন বাড়ানোর এ মিশনের জন্য ব্র্যাড পিট ও জোলি ইতিমধ্যেই যুক্তরাজ্যের ডাকসাইটে শেফ বা পাচক জেমি অলিভারের কাছে গিয়েছেন। উদ্দেশ্য, অলিভারের কাছ থেকে স্বাস্থ্যকর খাবারের রন্ধনপ্রণালি সংগ্রহ। একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, ১০ পাউন্ড ওজন বাড়াতে চাইছেন জোলি, যাতে তাঁর বর্তমানের শরীরে খানিকটা গত্তি লাগে আর বিয়ের পোশাকে তাঁকে আরও সুন্দর দেখায়।অবশ্য জোলির ওজন বাড়ানোর পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণও রয়েছে। যে মানুষকে বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী, সেই ব্র্যাড পিটই চাইছেন, জোলি আরেকটু ‘স্নেহময়ী’ হন; হন আরেকটু স্নিগ্ধ। আর এর জন্যই জোলির ওজন বাড়ানোর এই মিশন।