বিয়ের দুই মাসেই যৌতুকের বলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার যৌতুকের বলি হলেন মাদারীপুরের শিবচর উপজেলার নূরজাহান (২০)। গতকাল মঙ্গলবার সকালে ফরিদপুরের সদরপুর উপজেলার চর ব্রাহ্মণদী গ্রামে শ্বশুরবাড়ি থেকে নূরজাহানের লাশ উদ্ধার করা হয়েছে। দাবি করা টাকা না পেয়ে নূরজাহানকে তাঁর স্বামী ও স্বামীর পরিবারের সদস্যরা শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, গত ৫ ফেব্রুয়ারি মাদারীপুরের শিবচরের সন্ন্যাসীরচরের আবদুল হামিদ হাওলাদারের মেয়ে নূরজাহানের সঙ্গে ফরিদপুরের সদরপুরের চরব্রাহ্মণদী গ্রামের খালেক আকনের ছেলে রাজ্জাক আকনের বিয়ে হয়। ওই দিনই যৌতুক হিসেবে রাজ্জাককে একটি মোটর-সাইকেল দেওয়া হয়। নূরজাহানের ভাই হাসান পারভেজসহ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রাজ্জাকের দাবি করা এক লাখ টাকা না দেওয়ায় নূরজাহানকে বাসর ঘর থেকে বের করে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। দীর্ঘ সালিস-বৈঠকের পর এ ব্যাপারে সমঝোতা হলে সাত দিন পর নূরজাহানকে শ্বশুর বাড়িতে ফেরত নেওয়া হয়। এর দুই-তিন দিন পর শ্বশুর বাড়ির লোকজন আবারও যৌতুকের টাকার দাবিতে তাঁকে চাপ দিতে শুরু করে। গত সোমবার রাত ১২টায় স্বামী রাজ্জাক আকন বেদম মারধরের পর নূরজাহানকে শ্বাসরোধে হত্যা করে।তাঁরা আরও অভিযোগ করেন, নূরজাহানকে হত্যার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজ্জাককে পেয়েও ছেড়ে দেয়। চর ব্রাহ্মণদী গ্রামের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেন, যৌতুক নিয়ে রাজ্জাক ও নূরজাহানের মধ্যে প্রায়ই কলহ হতো।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল বলেন, বিয়ের দুই দিন পর গত ৭ ফেব্রুয়ারি নূরজাহান থানায় এসে স্বামীর বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেন। পরে থানার এক প্রতিনিধির উপস্থিতিতে সালিস-বৈঠকের পর নূরজাহানকে শ্বশুর বাড়ি পাঠানো হয়।তবে সদরপুর থানার ওসি মোহাম্মদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি রহস্যজনক। এটা হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তা বলা যাচ্ছে না। অভিযুক্ত রাজ্জাককে পেয়ে ছেড়ে দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রয়োজন মনে করিনি বলে তাঁকে আটক করিনি।’