এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক পৌষ ফাগুনের পালা। গজেন্দ্রকুমার মিত্রের উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন ইরাজ আহমেদ ও মনসুর রহমান। পরিচালনা করেছেন আফসানা মিমি। নাটকে অভিনয় করছেন সানজিদা প্রীতি। কথা হলো তাঁর সঙ্গে।নাটকে আজ নাকি ইন্দুর বিয়ে হবে?হ্যাঁ। সে এক মহা আয়োজন। সন্ধ্যা থেকে শুরু করে ভোর পাঁচটা পর্যন্ত শুটিং হয়েছে। হিন্দুবাড়ির বিয়ের পুরো আবহটা ফুটিয়ে তোলা হয়েছিল সেদিন। পরিচালক কোথাও এতটুকু ফাঁক রাখতে চাননি। আর আমাকে সন্ধ্যা থেকে শুরু করে ভোর পর্যন্ত বউ সেজে বসে থাকতে হয়েছিল। শুরুতে তো বেশ আনন্দ হচ্ছিল, পরে অবশ্য বিরক্ত হয়ে গিয়েছিলাম। হিন্দু বউদের বিয়ের সময় কত কষ্ট হয়, তা বেশ অনুভব করতে পারছিলাম। অবশ্য বরদেরও হয়। এ ধরনের বিয়ে আগে কখনো দেখেছেন?আমার হিন্দুধর্মের বন্ধুদের বিয়েতে গিয়েছিলাম। তা দেখে কিছুটা অভিজ্ঞতা হয়েছিল। তখন অবশ্য বেশ মজা করেছিলাম। কিন্তু নাটকে অভিনয় করতে গিয়ে কাজের চাপে কোনো মজাই হয়নি।ইন্দু তো এই বিয়েতে রাজি ছিল না। সামনে তাহলে কী ঘটবে?কালো ইন্দুর একেবারেই অপছন্দ। কিন্তু যার সঙ্গে ইন্দুর বিয়ে হচ্ছে, তার গায়ের রং কালো। তাই সে বিয়েতে রাজি হয়নি। কিন্তু বিয়ের পর তার ধারণা পাল্টে যায়। স্বামীর মনটা এতটাই আলোকিত যে বিয়ের পর ইন্দু প্রেমের সৌন্দর্যটা দারুণ উপভোগ করছে। স্বামীর ভালোবাসার কারণে গায়ের রঙের কষ্টটা একেবারে দূর হয়ে যায় তার।‘পৌষ ফাগুনের পালা’ ধারাবাহিকে কাজ করতে কেমন লাগছে?এই নাটকে কাজ করার সবচেয়ে ভালো অভিজ্ঞতাটা হলো, এখানে জ্যেষ্ঠ কয়েকজন শিল্পীর সঙ্গে কাজ করছি। এই যেমন—ফেরদৌসী মজুমদার, রাইসুল ইসলাম আসাদ, হুমায়ুন ফরীদি। কাজের ফাঁকে তাঁদের কাছে আমরা ভিড় করে থাকি। তাঁরা নিজেদের শিল্পীজীবনের নানা গল্প বলেন। তা থেকে অনেক কিছু শেখার আছে। এটা আমার জন্য একটা উল্লেখযোগ্য পাওয়া।এখন আর কোনো ধারাবাহিকের কাজ করছেন?হ্যাঁ, বদরুল আনাম সৌদের নতুন ধারাবাহিক গহীনে নাটকে কাজ করছি। সিলেটের একটি বিলে আমরা কাজ করছি। আমি এখন পর্যন্ত যতটুকু কাজ করেছি, পুরোটাই পানির ওপরে। নাটকে আমার নাম ‘জল’। আমাকে পানি থেকেই তুলে আনা হয়েছে। ঘরবাড়ির ঠিকানা জানা নেই। এটি দেশ টিভিতে দেখানো হবে। আমি এর আগে সৌদের সীমান্ত ধারাবাহিকে কাজ করেছি।