বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীকে জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বখাটেরা রূপালী খানম (২০) নামের এক মেয়েকে হত্যা করেছে। গত শুক্রবার সকালে উপজেলার কদমী গ্রামে নিজ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের একটি ডোবা থেকে ওই তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। রূপালী কদমী আবু জাফর সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসা থেকে এ বছর আলিম পরীক্ষা দিয়েছে। এ ঘটনায় রূপালীর বাবা মো. মোসলেম মোল্যা থানায় একটি হত্যা মামলা করেছেন। এজাহার ও নিহত রূপালীর পারিবারিক সূত্রে জানা যায়, মাদ্রাসায় যাওয়া-আসার পথে কদমী গ্রামের জিন্দার আলী (২৫) প্রায়ই রূপালীকে উত্ত্যক্ত করতেন। এর মধ্যে জিন্দারের পক্ষ থেকে রূপালীকে বিয়ের প্রস্তাব দিয়ে চার দফায় তার বাড়িতে ঘটক পাঠানো হয়। কিন্তু জিন্দার লেখাপড়া না জানায় রূপালীর পরিবার ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে জিন্দার ও তাঁর সহযোগীরা আরও ক্ষিপ্ত হন। এক সপ্তাহ আগে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে রূপালীর পথ রোধ করে জিন্দার আবার বিয়ের প্রস্তাব দেন। রূপালীর ভাই মো. ফারুক মোল্যা প্রথম আলোকে জানান, ওই দিন রাস্তায় তর্কের একপর্যায়ে রূপালী বখাটে জিন্দারকে জুতা দিয়ে পেটাতে উদ্যত হন। তখন জিন্দার বলেন, ‘তুই আমার সঙ্গে বিয়েতে রাজি না হলে তোকে মেরে লাশের এমন অবস্থা করব; যাতে সবাই লাশ দেখে ভয় পায়।’ এজাহারে বলা হয়, বৃহস্পতিবার সকালে ওষুধ আনতে রূপালী বাড়ি থেকে প্রায় চার-পাঁচ কিলোমিটার দূরে বনমালীপুর-নড়াইল বাসস্ট্যান্ড এলাকায় সরকারি হোমিওপ্যাথি চিকিৎসাকেন্দ্রে যায়। সেদিন সে আর বাড়ি ফেরেনি। শুক্রবার সকালে গ্রামের এক নারী পাটশাক তুলতে গিয়ে রাস্তার পাশের ডোবায় একটি লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রূপালীর পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে। গতকাল শনিবার সকালে নিহত রূপালীর বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা হাজেরা বেগম বিলাপ করছেন। তিনি বলেন, ‘ওই দিন রূপালী বাড়ি থেকে বের হওয়ার সময় বিপদের আশঙ্কায় আমাকে সঙ্গে যেতে বলেছিল। কিন্তু বাড়িতে ধান কাটার কৃষক থাকায় ও আমার পায়ে ব্যথা থাকায় আমি মেয়ের সঙ্গে যেতে পারিনি।’ রূপালীর বাবা মো. মোসলেম মোল্যা বলেন, আমি মেয়ের হত্যাকারী বখাটে জিন্দারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফিরোজ মোল্যা জানান, ঘটনার পর থেকে জিন্দার পলাতক। বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. তৈয়বুর রহমান বলেন, মেয়েটিকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে গ্রামের ডোবায় লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।