বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় কলেজছাত্রীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় এক বখাটে যুবক এক কলেজছাত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে। মুমূর্ষু অবস্থায় ওই ছাত্রীকে সাভারের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার সাভারের ডগরমুড়া এলাকায় এ ঘটনা ঘটে। জনতা ওই বখাটে যুবককে ধরে পুলিশে সোপর্দ করেছে। এদিকে ঘটনার প্রতিবাদে ওই কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। ঘটনার পর গতকালের জন্য কলেজটি ছুটি দিয়ে দেওয়া হয়। সাভার থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাসা থেকে কলেজে যাওয়ার পথে গতকাল সকাল আটটার দিকে ওই ছাত্রী ডগরমুড়া এলাকায় পৌঁছালে তানভীর নামে এক বন্ধুকে নিয়ে আগে থেকে ওঁৎ পেতে থাকা সুমন তাঁর (ছাত্রীটি) গতিরোধ করে। এরপর সুমন তাকে চুল ধরে টেনেহেঁচড়ে রাস্তার পাশে নিয়ে দা দিয়ে হাত-পা ও মাথায় আঘাত করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে সুমনকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে গেলে জনতা তাকে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল সাভার থানায় মামলা করেছেন। মামলায় সুমন, তার বাবা মোস্তফা ও তানভীরকে আসামি করা হয়েছে।সুমন সাভারের ভাটপাড়া এলাকার মো. মোস্তফার ছেলে। সে নানান অপকর্মের সঙ্গে যুক্ত রয়েছে বলে পুলিশ জানায়। এদিকে সহপাঠীর নির্যাতনের খবর কলেজে পৌঁছালে সকাল নয়টার দিকে ওই কলেজের শিক্ষার্থীরা সুমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লিনিকের সামনে গিয়েও বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ কর্মকর্তারা সুমনের কঠোর শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিলে তাঁরা বিক্ষোভ স্থগিত করেন। এদিকে শিক্ষার্থীরা ক্লাস বন্ধ করে বিক্ষোভ করায় কর্তৃপক্ষ গতকালের জন্য কলেজ ছুটি দিয়ে দেয়।ছাত্রীটির বাবা অভিযোগ করেন, প্রায় সাত মাস ধরে কলেজে আসা-যাওয়ার পথে সুমন তাঁর মেয়েকে উত্ত্যক্ত করত। একপর্যায়ে সুমন তাকে বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সুমন তাঁর ওপর ক্ষিপ্ত হয়। ভয়ে তাঁর মেয়ে কলেজে যাওয়াই বন্ধ করে দিয়েছিল। পরে বিষয়টি সুমনের অভিভাবককে জানালে তাঁরা সুমনকে নিবৃত রাখার আশ্বাস দেন। এরপর কলেজে যাওয়া শুরু করলে আগের ক্ষোভের জের ধরেই গতকাল সুমন তাঁকে কুপিয়ে আহত করে।সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাব্বি মিয়া বলেন, বিষয়টি জানার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাঁর কাছে ফোন করে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুমন ধরা পড়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর যাতে এ ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।