বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় পেট্রল ঢেলে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে এক তরুণীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় খোকন নামের এক দুর্বৃত্ত গতকাল বুধবার রাতে তাঁর শরীরে আগুন ধরিয়ে দেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, অগ্নিদগ্ধ ওই তরুণীর নাম আলেয়া খাতুন (১৮)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন খোকনকে আটক করে পিটুনি দিয়ে পল্লবী থানা পুলিশে সোপর্দ করেছে। আলেয়া তাঁর মা-বাবার সঙ্গে মিরপুর ৬ নম্বর সেকশনের বাসায় থাকেন।হাসপাতালে আলেয়ার খালা রাজিয়া বেগম জানান, গতকাল রাত সাড়ে আটটার দিকে তিনি আলেয়াকে নিয়ে মিরপুর ১১ নম্বরে কেনাকাটা করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আলেয়া বাসার সামনে আসামাত্রই খোকন ও তাঁর সহযোগীরা তাঁকে বলেন, ‘এদিকে এসো, কথা আছে।’ আলেয়া তাঁর সঙ্গে কথা বলবেন না বলে জানিয়ে দেন। একপর্যায়ে খোকনের এক সহযোগী আলেয়ার শরীরে পেট্রল ছোড়ে। খোকন দেশলাইয়ের কাঠিতে আগুন ধরিয়ে আলেয়ার শরীরে ছুড়ে মারেন। মুহূর্তেই তাঁর শরীরে আগুন ধরে যায়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভায়। তাঁকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানান, আলেয়ার অবস্থা আশঙ্কাজনক।পল্লবী থানার এসআই ইয়াকুব আলী প্রথম আলোকে জানান, খোকন আলেয়ার মা-বাবার কাছে তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাঁরা প্রস্তাব প্রত্যাখ্যান করায় খোকন ক্ষিপ্ত হয়ে ওঠেন। খোকন দুই সহযোগী নিয়ে গতকাল রাতে আলেয়াকে পুড়িয়ে মারার পরিকল্পনা করেন। খোকনের সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।