বিয়ের বিপুল ব্যয় কমাতে তোড়জোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান সারা আফগানিস্তানের অনেক পুরোনো ঐতিহ্য। এই ঐতিহ্য পালন করতে গিয়ে অনেক সময় ঘটে ব্যয়ের শ্রাদ্ধ। বলতে গেলে, ধকল প্রায় পুরোটা যায় বরপক্ষের ওপর দিয়ে। বিশ্বের দরিদ্রতম দেশটির অর্থনৈতিক দুরবস্থায় মধ্যে তা বিড়ম্বনা ছাড়া কিছু নয়। এ জন্য আইনপ্রণেতারা এখন আইন করে বিয়ের ব্যয় কমানোর কথা ভাবছেন।গতকাল রোববার বিচার বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ কাসিম হাসিমজাইয়ের বরাত দিয়ে রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।সম্প্রতি কয়েকটি বরপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার নতুন ওই আইন নিয়ে কাজ শুরু করেছে। আইনে কনেপক্ষের অতিথির সংখ্যা ৩০০ জনে সীমিত রাখার কথা ভাবা হচ্ছে। গত বছর আফগানিস্তানে ব্যয়বহুল বিয়ে ও যৌতুকপ্রথা নিষিদ্ধ করা হয়েছে। এই আইন চূড়ান্ত হওয়ার পর এখন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ধর্মীয় রক্ষণশীলদের কড়া সমালোচনার মুখে ওই আইনের একটি অংশ হিসেবে নারীর পোশাকের ওপরও কড়াকড়ি আরোপের কথা ভাবা হচ্ছে।সমালোচকেরা বলছেন, আইনটি নারীর অধিকারকে খর্ব করবে। নারীর অধিকারের জায়গাটি আবার তালেবান শাসনামলের মতো সীমিত হয়ে পড়বে। মোহাম্মদ কাসিম হাসিমজাই জানান, প্রস্তাবিত আইনটি নিয়ে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মন্ত্রিপরিষদেও পক্ষ-বিপক্ষে নানা মত পাওয়া গেছে। তিনি বলেন, ‘পার্লামেন্ট যদি আইনটি পাস করে, তাহলে তা প্রয়োগ করা হবে। অনেকের মতে, কারও ব্যক্তিগত বিষয়ে অনুপ্রবেশ করা উচিত নয়। আর বিয়ে পুরোপুরিভাবে একটি ব্যক্তিগত বিষয়।’এ ব্যাপারে হামিদ কারজাই বলেন, আইনটি পাস হলেও তা প্রয়োগ করা প্রায় অসম্ভব হবে। কারণ, এটি কার্যকর করতে হলে সরকারকে প্রতিটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে আমন্ত্রিত অতিথিদের সংখ্যা গুনতে হবে। আফগানিস্তানের বিয়ের অনুষ্ঠানগুলো সাধারণত বিলাসবহুল হল বা হোটেলে অনুষ্ঠিত হয়। বিয়ের কাপড়চোপড়, গানবাজনা—সবকিছুতেই আভিজাত্যের ছোঁয়া দেখা যায়। ২০০১ সালে যুক্তরাষ্ট্র-সমর্থিত আফগান বাহিনী ইসলামি কট্টরপন্থী তালেবান গোষ্ঠীকে বিতাড়িত করার পর আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানগুলোতে আবার ব্যয়ের শ্রাদ্ধ শুরু হয়েছে। দেশটির বার্ষিক মাথাপিছু আয় মাত্র ৪০০ ডলার। অথচ একেকটি বিয়েতে তাঁরা হাজার হাজার ডলার খরচ করে। দাওয়াত দেওয়া হয় প্রায় কয়েক শ অতিথিকে। কনে ও তাঁদের পরিবারের নানা চাহিদা পূরণ করতে গিয়ে তাই আর্থিকভাবে প্রচণ্ড চাপের মুখে পড়ে বর ও তাঁর পরিবার।