বিয়ের মাইক্রোবাস খালে পড়ে নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের নোয়াগা এলাকায় আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে একটি মাইক্রোবাস খালে পড়ে ডুবে গেছে। মাইক্রোবাস থেকে শিশুসহ আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত লোকজনের সবাই লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা। মাইক্রোবাসটিতে ১৭ জন যাত্রী ছিল। অন্য যাত্রীদের খোঁজ পাওয়া যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৫ নম্বর গুপটি ইউনিয়নের নারিকেলতলা গ্রামে একটি বৌভাত অনুষ্ঠান শেষে কনে পক্ষের ১৭ জন যাত্রী মাইক্রোবাসে করে ফিরছিল। রামগঞ্জ যাওয়ার পথে নোয়াগা এলাকায় একটি সেতুতে ওঠার সময় মাইক্রোবাসটি খালে পড়ে ডুবে যায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আটজনের লাশ উদ্ধার করেছে। লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রামগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, মাইক্রোবাসটি উদ্ধারের পর সেখানে আর কোন লাশ না পাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হলো।ফরিদগঞ্জ উপজেলার ৫ নম্বর গুপটি ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী জানান, তাঁর এলাকায় বিয়ের অনুষ্ঠান শেষে কনে পক্ষের ১৭ জন একটি মাইক্রোবাসে করে রামগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।